ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের 'অঘোষিত নির্দেশে' পুলিশ শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি বানচালের অপচেষ্টা চালিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
বুধবার মানববন্ধন কর্মসূচি শেষে জাতীয় প্রেসক্লাব আঙিনায় সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
তবে তিনি দাবি করেন, পুলিশি বাধার পরও সারাদেশে মানববন্ধন কর্মসূচি সফল হয়েছে। এজন্য নেতা-কর্মী ও দেশবাসীকে অভিনন্দন জানান খোন্দকার দেলোয়ার।
মানববন্ধন কর্মসূচিতে বাধা দেওয়ার সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, "কোনো নিষেধাজ্ঞা নেই, এমনকি ১৪৪ ধারাও জারি করা হয়নি। তারপরও ফুটপাতে আমাদের দাঁড়াতে দেওয়া হয়নি। পুলিশ লাঠিপেটা করেছে।
"তারা বিরোধী দলের আন্দোলনকে ভয় পায় বলে নির্যাতন চালাচ্ছে। এটা সরকারের স্বৈরাচারী মনোভাবের প্রকাশ।"
এ সময় তিনি সরকারকে এ ধরনের পথ পরিহার করার আহবান জানান।
বিএনপি মহাসচিব অভিযোগ করেন, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ সারাদেশ মানববন্ধন কর্মসূচি চলাকালে পুলিশ তাদের অনেক নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের জুলুম-নির্যাতন বন্ধ, মিথ্যা মামলা প্রত্যাহার ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সহসভাপতি শমসের মবিন চৌধুরী, সাংসদ শহীদউদ্দিন চৌধুরী এ্যানিসহ গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তির দাবিতে রাজধানী ঢাকাসহ দেশের সব বিভাগীয় শহর ও জেলা সদরে বুধবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘণ্টার মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেয় বিএনপি।
রাজধানী ঢাকায় গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত ১৭টি স্পটে এই কর্মসূচি পালনের উদ্যোগ নেয় বিএনপি। এ সব স্পটের মধ্যে গাবতলীতে রফিকুল ইসলাম মিয়া, দারুস সালামে এস এ খালেক, আসাদ গেইটে ইকবাল হাসান মাহমুদ টুকু ও সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শ্যামলীতে হামিদুল্লাহ খান, কারওয়ান বাজারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলা মোটরে আবদুল্লাহ আল নোমান, নয়া পল্টনে রুহুল কবির রিজভী, দৈনিক বাংলা মোড়ে আবদুল মঈন খান, মতিঝিলে নজরুল ইসলাম খান, হাটখোলায় সাদেক হোসেন খোকা, যাত্রাবাড়িতে আবদুল হাই প্রমূখ নেতারা নেতৃত্ব দেন।
জাতীয় প্রেসক্লাবের সামনে কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএনপি মহাসচিব।
সেখানে সাংবাদিকদের তিনি আরো বলেন, "সরকার গণতন্ত্রের লেবাস পরে স্বৈরতান্ত্রিক শাসন চালাচ্ছে। তারা অবৈধ তত্ত্বাবধায়ক সরকারের উত্তরসূরি।"
রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে সরকারের দ্বৈতনীতির সমালোচনা করে খোন্দকার দেলোয়ার বলেন, "তারা ক্ষমতায় থেকে নিজেদের ৬ হাজার ৫০০ মামলা প্রত্যাহার করে নিয়েছে।"
বিএনপির সহসভাপতি চৌধুরী কামাল ইবনে ইউসুফ, চেয়ারপাসন খালেদা জিয়ার উপদেষ্টা আবদুল মান্নান, এ জেড এম জাহিদ হোসেন, মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী, মজিবুর রহমান সারওয়ার, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব শামীম আল মামুনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা এ সময় সেখানে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএএ/এজে/১৪২১ ঘ.
bdnews24