২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হিজবুত তাহরীরের মিছিল, আটক ৪

বন্দরনগরী চট্টগ্রামে আবারো ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীর'র নেতাকর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2010, 12:16 PM

Updated : 25 Aug 2022, 01:25 PM

চট্টগ্রাম, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বন্দরনগরী চট্টগ্রামে আবারো ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীর'র নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুর সাড়ে বারটার দিকে নগরীর লাভ লেইন ও এনায়েত বাজার এলাকায় সংগঠনটির ৩০-৩৫ জন নেতাকর্মী বেশ কয়েকটি ব্যানার নিয়ে মিছিল বের করে। প্রায় ২০০ গজ যাওয়ার পর মিছিলকারীরা দ্রুত পালিয়ে যায়। এর আগে গত ১৫ এপ্রিলও একইভাবে নগরীর জামালখান এলাকায় ঝটিকা মিছিল বের করেছিল নিষিদ্ধ এই উগ্রপন্থী ধর্মীয় সংগঠনটি। মিছিল থেকে হিজবুত তাহরীর কর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে উৎখাত ও মার্কিন সামরিক মহড়া বন্ধ করার দাবি জানায়। খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠারও আহবান জানায় তারা। ঘটনার পর পুলিশ আশপাশের এলাকা থেকে হিজবুত তাহরীর কর্মী সন্দেহে চারজনকে আটক করেছে। এদের মধ্যে দুজন হলেন- চট্টগ্রামের বিজিসি ট্রাস্ট মেডিক্যাল কলেজের ৫ম বর্ষের শিক্ষার্থী মোজাম্মেল হোসেন এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিষয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী কাজী আহমেদ ইরফানুল হক। আটককৃত অন্য দুজন মোহাম্মদ হোসেন ও বাদশা মিয়া। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বড় ও কয়েকটি ছোট ব্যানার নিয়ে হিজবুত তাহরীর'র ৩০-৪০ জন কর্মী লাভ লেইন মোড় থেকে হঠাৎ মিছিল শুরু করে। মিছিলটি জুবিলী রোড এলাকায় প্রায় ২০০ গজ দূরত্ব অতিক্রম করে এনায়েত বাজার মোড় হয়ে আবারো লাভ লেইন মোড়ে এসে শেষ হয়। ব্যানার ও ফ্যাস্টুন লাভ লেইন মোড়ের রাস্তায় রেখে সংক্ষিপ্ত একটি সমাবেশও করে হিজবুত তাহরীর কর্মীরা। পরে দ্রুত তারা স্থান ত্যাগ করে। এ সময় টহল পুলিশের কনস্টেবল হামিদ হিজুবত তাহরীরের এক কর্মীকে ধরে ফেললে অন্যরা এসে পুলিশকে ঘুষি মেরে তাকে ছাড়িয়ে নিয়ে যায়। হিজবুত তাহরীর কর্মীরা উপস্থিত ফটো সাংবাদিকদের দলীয় প্যাডে লেখা একটি সংবাদ বিজ্ঞপ্তিও বিতরণ করে। এতে দলের নাম ও ওয়েবসাইটের ঠিকানা দেওয়া থাকলেও কোন সুনির্দিষ্ট ঠিকানা দেওয়া ছিল না। মূল ব্যানারে লেখা ছিল "মার্কিন-বাংলাদেশ যৌথ সামরিক মহড়া 'টাইগার শার্ক-৩' বন্ধ কর।" ছোট ব্যানারে লেখা ছিল, 'মার্কিন সাম্রাজ্যবাদ ধ্বংস কর, শেখ হাসিনা সরকার উৎখাত কর'। তবে কোতয়ালি থানার ওসি গাজী মোহাম্মদ সাখাওয়াত হোসেন মিছিল করার বিষয়টি অস্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হিজবুত তাহরীর কর্মীরা লাভ লেইন মোড়ে মিছিল করার চেষ্টা চালিয়েছিল। সঙ্গে সঙ্গে পুলিশ এসে পড়ায় তারা পালিয়ে যায়।" তিনি জানান, লাভ লেইন ও এর আশপাশের এলাকা থেকে চারজনকে আটক করা হয়েছে। তাদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর মধ্যে ইরফান হিজবুত তাহরীর'র রাজনীতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে ওসি জানান। কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মোহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসএএ/এমএসবি/১৮১২ ঘ.