ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের আট নেতাকে আগাম অন্তবর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি আফজাল হোসেন আহমেদ ও বিচারপতি আব্দুল হাফিজের বেঞ্চ তাদের জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয়।
জামিনপ্রাপ্তরা হলেন- জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ কে এম আজহারুল ইসলাম, প্রচার সেক্রেটারি তাসনিম আলম, এনজিও কর্ম পরিষদের সদস্য জসিম উদ্দীন সরকার, সহকারি সেক্রেটারি জেনারেল ড. শফিকুর রহমান, ঢাকা মহানগরের সহকারি সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম বুলবুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি আনিস, একই বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি মো. ওবায়েদ ও ন্যাশনাল ডক্টর ফোরামের সেক্রেটারি মিজানুর রহমান।
একইসঙ্গে তাদের কেনো স্থায়ী আগাম জামিন দেওয়া হবে না তিন সপ্তাহের মধ্যে সরকারকে তা জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।
গত ২৯ জুন পুলিশের উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন।
এছাড়া হাইকোর্টের একই বেঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদলের আহ্বায়ক আব্দুল মতিন ও জৈষ্ঠ্য যুগ্ম আহ্বায়ক ওবায়দুল হক নাসিরসহ ১৩ নেতা-কর্মীকে চার মাসের আগাম অন্তবর্তীকালীন জামিন দিয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রলীগ নেতা মামুনুর রশিদ গত ২৪ জুন শাহবাগ থানায় ছাত্রলীগ নেতা-কর্মীদের মারপিটের অভিযোগে মামলাটি দায়ের করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৭৪০ঘ.
bdnews24