ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন সময়ে দায়ের করা মামলাগুলোর মধ্যে 'রাজনৈতিক হয়রানিমূলক' হিসেবে চিহ্নিত করে ছয় হাজার পাঁচটি মামলা প্রত্যাহার করা হয়েছে।
সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে মঙ্গলবার কমিটির ২০তম সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কমিটির প্রধান আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম এ কথা জানান।
তিনি বলেন, "আমাদের কাছে শুধু মামলার হিসাব রয়েছে। তবে কোন দলের কতজনের মামলা প্রত্যাহার করা হয়েছে সে পরিসংখ্যান আমাদের কাছে নেই।"
তিনি জানান, মঙ্গলবারের সভায় কক্সবাজারের আওয়ামী লীগ সাংসদ আব্দুর রহমান বদি'র দু'টি মামলাসহ মোট ৪৫৭টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। এর মধ্যে একটি দুর্নীতি দমন কমিশনের (দুদক) এবং অন্য ৪৫৬টিই বাংলাদেশ দণ্ডবিধিসহ অন্য অভিযোগের মামলা।
এ সভায় মোট ৭১৫টি মামলা আলোচনার জন্য উপস্থাপিত হয়। এর মধ্যে চারটি দুদকের।
এই চারটির মধ্যে তিনটি প্রত্যাহারের সুপারিশ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আলোচনার জন্য উপস্থাপিত ১১৬টি মামলা নাকচ এবং ১৪২টি মামলা পরবর্তী সভায় উপস্থাপনের জন্য সুপারিশ করা হয়।
কামরুল ইসলাম জানান, ২০০৯ সালের ১২ জুলাই পর্যন্ত জেলা পর্যায়ের কমিটির কাছে আসা আবেদনের মধ্যে আট হাজার ৮৬৩টি মামলা প্রত্যাহারের সুপারিশ করে জাতীয় কমিটিতে এসেছে। জাতীয় কমিটি এ পর্যন্ত ছয় হাজার পাঁচটি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে। এর মধ্যে দুদকের মামলা রয়েছে ৪৫৭টি।
তিনি জানান, জেলা পর্যায়ে এখনো যাচাই-বাছাই ও সুপারিশসহ জাতীয় কমিটিতে পাঠানোর মধ্যে প্রায় ৫০০ মামলা বিবেচনাধীন রয়েছে। ওইসব মামলাসহ জাতীয় কমিটিতে বিবেচনাধীন মামলাগুলো নিস্পত্তি হলেই এ কমিটির কাজ শেষ হয়ে যাবে। এখন আর নতুন করে কোনো মামলা প্রত্যাহারের আবেদন করার সুযোগ নেই।
আইন প্রতিমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান সিকদার, অতিরিক্ত সচিব ইকবাল খান চৌধুরীসহ কমিটির অন্য সদস্যরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কেএমএস/আরএ/১৮২৮ঘ.
bdnews24