ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর ৫৬ নম্বর ওয়ার্ডের কমিশনার ও মহানগর বিএনপি নেতা চৌধুরী আলমের 'নিখোঁজ' থাকার ব্যাপারে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি।
বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, "পাঁচদিন ধরে চৌধুরী আলম নিখোঁজ রয়েছেন। তার পরিবারের পক্ষ থেকে থানায় এজাহার করতে গেলেও তা নেওয়া হচ্ছে না। সরকারের এ ধরনের উদাসীনতা ও নির্লিপ্ততা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।"
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অবিলম্বে চৌধুরী আলমকে উদ্ধারের ব্যবস্থা নিতে সরকারের কাছে দাবি জানান বিএনপি মহাসচিব।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা দাবি করেন, ২৫ জুন রাতে ফার্মগেট এলাকা থেকে সাদা পোশাকে র্যাব সদস্যরা ওয়ার্ড কমিশনার চৌধুরী আলমকে আটক করে নিয়ে গেছেন।
ওইদিনই র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মো. সোহায়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, চৌধুরী আলমকে র্যাবের কোনো শাখা আটক বা গ্রেপ্তার করেনি। এ ব্যাপারে কোনো অভিযোগও পাওয়া যায়নি।
চৌধুরী আলমকে র্যাব আটক করেছে-এ ব্যাপারটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন র্যাব কর্মকর্তা সোহায়েল।
সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, গত ২৫ জুন রাতে চৌধুরী আলমকে ঢাকার ফার্মগেইটের কাছ থেকে সাদা পোশাকে কয়েকজন একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
তিনি বলেন, "থানায় অভিযোগ না নেওয়ায় চৌধুরী আলমের পরিবার ও বিএনপি উদ্বিগ্ন। বিষয়টি নিয়ে দলের পক্ষ থেকে একটি প্রতিনিধি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলেও তার সাক্ষাৎ মেলেনি।"
বিএনপি মহাসচিব বলেন, "আমরা সরকারের কাছে দাবি জানাবো- অবিলম্বে নির্বাচিত ওয়ার্ড কমিশনার চৌধুরী আলমকে খুঁজে বের করতে ব্যবস্থা নিন। একজন মানুষ এভাবে কোথায় আছে- সে ব্যাপারে সরকার তার দায় এড়াতে পারবে না।"
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, দলের চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, সাবেক হুইপ ফজলুল হক আসপিয়া, দপ্তর সম্পাদক রিজভী আহমেদ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএএ/এমএসবি/১৯৩০ ঘ.
bdnews24