ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালে গ্রেপ্তারকৃতদের মুক্তি চেয়ে ৭ জুলাই বিভাগীয় ও জেলা সদরের মানববন্ধনের নতুন কর্মসূচি দিয়েছে বিএনপি।
সোমবার বিকালে মুক্তাঙ্গনের এক সমাবেশে এই কর্মসূচি ঘোষণা করে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, ''চট্টগ্রামের সিটি মেয়র নির্বাচনে পরাজিত হওয়ার পর সরকারের মাথা বেশি গরম হয়ে গেছে। তাই তারা বিরোধী দলের ওপর দমন-নির্যাতন চালিয়ে স্বৈরাচারী বাকশালী কায়দায় দেশ পরিচালনা করছে। আমি সরকারকে বলব, এই পথ থেকে সরে আসুন, নইলে জনগণ একদিন এর সমুচিত জবাব দেবে।''
রোববারের হরতালে গ্রেপ্তারকৃত স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সহ-সভাপতি শমসের মবিন চৌধুরী, সাংসদ শহীদউদ্দিন চৌধুরী এ্যানিসহ সব বন্দির নিঃশর্ত মুক্তি চান তিনি।
মহানগর বিএনপির উদ্যোগে বিকালে মুক্তাঙ্গনে এই বিক্ষোভ সমাবেশ হয়। ঢাকার মতিঝিল, মোহাম্মদপুর, সূত্রাপুর, কোতয়ালি, সবুজবাগসহ বিভিন্ন ওয়ার্ড থেকে মহানগর বিএনপিসহ অঙ্গসংগঠনের ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে নেতা-কর্মীরা এই সমাবেশে যোগ দেয়। বিকাল ৩টা পর্যন্ত মুক্তাঙ্গন মহানগর পুলিশ ও আমর্ড পুলিশ অবস্থান নেওয়ায় কর্মীরা প্রবেশ করতে পারেনি। তিনটার পর আমর্ড পুলিশ ওই অবস্থান থেকে সরে গেলে নেতৃবৃন্দসহ কর্মীরা মুক্তাঙ্গনে আসেন।
দেলোয়ার অভিযোগ করেন, পুলিশ মুক্তাঙ্গনে সমাবেশ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল আসতেও তারা বাধা দিয়েছে। তিনি এর নিন্দা জানিয়ে বলেন, ''এভাবে বাধা দিয়ে বিএনপিকে দাবিয়ে রাখা যাবে না। সরকারের এহেন কর্মকাণ্ড জনগণের ব্যারোমিটারে লিপিবদ্ধ হচ্ছে।''
৭ জুলাইয়ের মানববন্ধনের নতুন কর্মসূচি ঘোষণা করে দেলোয়ার বলেন, ''যতক্ষণ পর্যন্ত সরকার দমন নির্যাতন বন্ধ না করবে, ততদিন আমরা আমাদের কর্মসূচি দিয়ে যাব। আগামী ৭ জুলাইয়ের পর আরও নতুন কর্মসূচি দেওয়া হবে।''
বিএনপি মহাসচিব মির্জা আব্বাসের বাসায় পুলিশ ও র্যাবের কর্মকান্ডের কঠোর সমালোচনা করেন।
দলের সহসভাপতি সাদেক হোসেন খোকার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, এম কে আনোয়ার, আবদুল মঈন খান, সহসভাপতি আবদুল্লাহ আল নোমান,উপদেষ্টা কাউন্সিলের সদস্য আহমেদ আজম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাফরুল হাসান, যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সভাপতি নুরে আরা সাফা, ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান খোকন এবং মির্জা আব্বাসের স্ত্রী ও মহিলা দলের সহসভাপতি আফরোজা আব্বাস বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএনএ/২০১০ ঘ.
bdnews24