ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোববারের সকাল-সন্ধ্যা হরতালে নির্যাতনের প্রতিবাদ ও গ্রেপ্তারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবিতে সোমবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি। রাজধানী ঢাকায় কেন্দ্রীয় কর্মসূচি হচ্ছে মুক্তাঙ্গনে।
দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন সোমবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঢাকার মুক্তাঙ্গনে বিকাল ৩ টায় এই বিক্ষোভ সমাবেশ হবে। এছাড়া প্রতিটি জেলায় সরকারের এই দমননীতির প্রতিবাদে সমাবেশ করার জন্য ইতিমধ্যে সব জেলা নেতাদের কাছে নির্দেশ পাঠানো হয়েছে।''
রোববার সন্ধ্যায় নয়া পল্টনে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন তাৎক্ষনিক এই নতুন কর্মসূচি ঘোষণা করেন। দেলোয়ার দাবি করেন, রোববারের হরতালে ঢাকাসহ সারাদেশে সহাস্রাধিক নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছে। গুরুতর আহত হয়েছে ৫ শ।
এদিকে রোববার রাতে খালেদা জিয়া দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে হরতালের পরবর্তী পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন। ওই বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সহসভাপতি শমসের মবিন চৌধুরী, সাংসদ শহীদউদ্দিন চৌধুরী এ্যানিসহ গ্রেপ্তারকৃত নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়। একই সঙ্গে মির্জা আব্বাসের বাসায় আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যদের কথিত হামলা ও নির্যাতনে ক্ষোভ প্রকাশ করা হয়।
পরে বৈঠক শেষে খালেদা জিয়া শাহজাহানপুরে মির্জা আব্বাসের বাসায় যান। তার মা ও স্ত্রী আফরোজা আব্বাসের সঙ্গে কথা বলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১৭১১ ঘ.
bdnews24