কক্সবাজার, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-কক্সবাজারে হরতালে পিকেটিং এর চেষ্টা করলে বিএনপি ও জামায়াতের ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার প্রধান বিরোধী দল বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে কক্সবাজারে পুলিশী বাধার মুখে পড়তে হয় হরতাল সমর্থকদের।
বাধার মুখে 'পিকেটিং' করতে পারেনি বিএনপি ও জামায়াতে ইসলামি। জেলা বিএনপি ও জামায়াতে ইসলামির কার্যালয় ঘেরাও করে রাখে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
হরতালে 'পিকেটিং'য়ের চেষ্টা করলে বিএনপির চার ও জামায়াতের ছাত্র সংগঠনের দুই নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
তবে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ শহরে হরতাল বিরোধী মিছিল করলে পুলিশ তাদেরকে নিরাপত্তা দিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
রোববার সকাল ১১টার দিকে কক্সবাজার জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে দেখা যায়, পুলিশের ৩টি গাড়ি দাঁড়িয়ে আছে। অর্ধশতাধিক পুলিশ বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে।
কক্সবাজার সদর-রামু আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল অভিযোগ করে বলেন, "সরকার পুলিশ দিয়ে আমাদের গণতান্ত্রিক কর্মসূচীতে বাধা দিচ্ছে। বেলা ১২টায় আমাদের মিছিল বের করার কথা থাকলেও পুলিশ বিএনপি কার্যালয় ঘেরাও করে রাখে।"
তিনি পুলিশের এই আচরণকে সরকারের 'ফ্যাসিবাদী চরিত্রে'র বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন।
সাংসদ লুৎফুর রহমান কাজল জানান, সকালে পিকেটিং করার সময় পুলিশ তাদের কয়েকজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন- ছাত্রদল নেতা হামিদুল হক, আকতার কুতুবী ও মঈনুদ্দিন মনির।
কক্সবাজার জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নেজাম উদ্দিন অভিযোগ করেন, "পুলিশি নিরাপত্তায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ শহরে মিছিল করলেও, বিএনপি ও ছাত্রদলকে মিছিল করতে দেওয়া হচ্ছে না।"
কক্সবাজার মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন, "সকালে বিএনপি একদফা মিছিল করেছে। আর কাউকে মিছিল করতে দেয়া হবে না।"
জেলা জামায়াতে ইসলামির আমীর মুহম্মদ শাহজাহান জানান, পুলিশ তাদের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে।
তিনি বলেন, 'সকালে শহরের কালুর দোকান এলাকা থেকে আবদুল্লাহ আল ইমরান নামের এক ছাত্রশিবির কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।'
জেলার পুলিশ সুপার নিবাস চন্দ্র মাঝি জানিয়েছেন, বিকাল সাড়ে ৩টা পর্যন্ত পুরো জেলায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে কক্সবাজার শহর থেকে ৪ জন এবং চকরিয়া ও রামু উপজেলায় একজন করে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএএ/১৭২২ঘ.
bdnews24