সিরাজগঞ্জ, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে শান্তিপূর্ণভাবে বিএনপির হরতাল কর্মসূচি চলছে।
হরতালের পক্ষে মিছিল বের করায় সকালে জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল মোকলেছুর রহমান ও জামায়াতের নেতাকর্মীসহ মোট ১৩ জনকে আটক করেছে পুলিশ।
সদর থানার ওসি মো. ওয়ারেস আলী মিয়া সাংবাদিকদের বলেন, "রাস্তার টায়ার জ্বালিয়ে যাহবাহন চলাচলে বাধা সৃষ্টি এবং বিক্ষোভ মিছিল করায় ১৩ জনকে আটক করা হয়েছে।"
এছাড়া আরো কয়েকজনকে শহরের বিভিন্ন মোড় থেকে আটক করা হয়েছে বলে জানান ওসি। তবে তিনি তাদের সংখ্যা বলেননি।
এর আগে সকালে হরতালের সমর্থনে শহরে বিএনপি মিছিল করে। তবে পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।
পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ মোড় গুলোতে টায়ার জ্বালিয়ে পিকেটিং করে হরতাল সমর্থনকারীরা।
হরতাল সমর্থকরা সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের নলকায় একটি ট্রাক ও শহরে পুলিশের একটি মটর সাইকেল ভাংচুর করে।
সকাল থেকেই শহরের দোকান, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ব্যাংক-বীমা, অফিস আদালত খোলা থাকলেও লোকজনের উপস্থিতি কম।
সিরাজগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কোন বাস ছেড়ে যায়নি।
দিনাজপুর থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন একতা এক্সপ্রেস সকালে যমুনা সেতুর পশ্চিম সদানন্দপুর ষ্টেশন থেকে যমুনা সেতু হয়ে ঢাকার উদ্দ্যেশে ছেড়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এআরআর/কেএমএস/১৪৩১ ঘ.
bdnews24