২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে 'বাধা' প্রতিহত করার হুমকি খসরুর

প্রশাসন ও দলীয় লোকজন দিয়ে সরকার হরতালে 'অগণতান্ত্রিকভাবে বাধা' দিলে তা প্রতিহত করার হুমকি দিয়েছেন চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2010, 01:33 PM

Updated : 25 Aug 2022, 12:49 PM

চট্টগ্রাম, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- প্রশাসন ও দলীয় লোকজন দিয়ে সরকার হরতালে 'অগণতান্ত্রিকভাবে বাধা' দিলে তা প্রতিহত করার হুমকি দিয়েছেন চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। শনিবার বিকালে নগরীর মেহেদীবাগের নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। আমীর খসরু অভিযোগ করেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা, সাংবিধানিক অধিকার ও মানবাধিকার রক্ষা এবং জনগণের মৌলিক চাহিদা পূরণে সরকার ব্যর্থ হয়েছে। এসব 'ব্যর্থতা ও রাষ্ট্রীয় সন্ত্রাসের' বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি রোববার হরতালের ডাক দিয়েছে বলে তিনি জানান। তিনি বলেন, হরতালের দিন সরকার পুলিশ ও দলীয় লোকজন দিয়ে গাড়ি চালানো ও দোকানপাট খোলা রাখার চেষ্টা করলে জনগণই তা প্রতিহত করবে। সরকার হরতাল 'বাধাগ্রস্ত' করতে পুলিশ দিয়ে বিএনপি নেতাকর্মীদের বিনা অভিযোগে 'গণহারে' গ্রেপ্তার করছে দাবি করে আমীর খসরু বলেন, আতংক সৃষ্টি করা হচ্ছে। গত ৪৮ ঘন্টায় নগরীতে বিরোধী দলের শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের অপরাধ তারা বিএনপির সঙ্গে যুক্ত। নগর বিএনপির সভাপতি সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, "আমরা শান্তিপূর্ণভাবে হরতাল কর্মসূচি পালন করতে চাই। হরতাল করা আমাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু সরকার আমাদের উপর দমন-নিপীড়ন চালাচ্ছে। এ ধারা অব্যাহত থাকলে আমরা কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব।" এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন যে, আওয়ামী লীগ বিরোধী দলে থেকে দেড় বছরে ১০ বার হরতাল করেছে। এখন বিরোধী দল একটি হরতাল দিয়েছে, আর তাতেই তাদের সমস্যা হচ্ছে। আমীর খসরু বলেন, দেশের স্বার্থে একদিন কর্মবিরতি পালন করে এই 'দুঃশাসনের' বিরুদ্ধে একটি বার্তা পাঠাবে এই হরতাল। সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, নগর বিএনপির সহ-সভাপতি দস্তগীর চৌধুরী, আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনসহ বিএনপি নেতৃবৃন্দ। এদিকে হরতালের সমর্থনে বিএনপি ও এর সহযোগী সংগঠন শনিবার বিকালে নগরীর রেলস্টেশন এলাকায় মিছিল-সমাবেশ করেছে। সমাবেশে নেতারা যেকোন মূল্যে হরতাল সফল করার ঘোষণা দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/এইচএ/১৯২৬ ঘ.