ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনের জন্য কমিশন গঠনের বৈধতা নিয়ে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম আব্দুল হাকিমের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
আদেশের পর সরকারের ডেপুটি অ্যার্টনি জেনারেল অরুণাময় চাকমা সাংবাদিকদের বলেন, "হাইকোর্ট রিটটি সরাসরি খারিজ করেছে। তাই আগামী ২৬ জুন মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে কোনো বাধা নেই।"
গত বছরের ২৯ ডিসেম্বর সরকার এক পরিপত্রের মাধ্যমে মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনের জন্য ৫ সদস্যের নির্বাচন কমিশন গঠন করে।
এর বৈধতা চ্যালেঞ্জ করে সুনামগঞ্জ জেলা কমান্ডের সাংগঠনিক সম্পাদক প্রার্থী আব্দুর মালিক হোসেন পীর গত ২৩ জুন রিট আবেদনটি করেন।
আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনসুর হাবিব।
শুনানিতে তিনি বলেন, "নির্বাচন নিয়ে ইতিপূর্বে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা একটি আপিল বিচারাধীন রয়েছে। এ কারণে এ বিষয়ে হস্তক্ষেপ করা উচিত নয় বলে হাইকোর্ট রিটটি খারিজ করে দিয়েছে।"
সরকার পক্ষে শুনানি করেন অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/কেএমএস/১২৫৩ ঘ.
bdnews24