ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের অন্যতম পুরনো রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ বুধবার ৬২ বছরে পা রেখেছে।
নানা কর্মসূচির মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে ক্ষমতাসীন দলটি।
দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ৭টায় ধানমণ্ডিতে বঙ্গবন্ধু জাদুঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দেন। প্রধানমন্ত্রী প্রথমে নিজে এবং পরে দলের নেতৃবৃন্দকে নিয়ে প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময়ে দলের সভাপতি মন্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, আবদুল লতিফ সিদ্দিকী, ওবায়দুল কাদের উপদেষ্টা মন্ডলীর সদস্য আমীর হোসেন আমুসহ জ্যেষ্ঠ নেতা ও মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃনাল কান্তি দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।
প্রধানমন্ত্রী স্থান ত্যাগ করার পর অঙ্গসংগঠনের পক্ষে নেতা-কর্মীরা ফুল দেন পর্যায়ক্রমে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানান তিনি।
আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার বিকালে শেরে বাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৯৪৯ সালের ২৩ জুন টিকাটুলীর রোজ গার্ডেনে জন্ম নেয় আজকের আওয়ামী লীগ। বাঙালির স্বাধীকার থেকে স্বাধীনতার পথে নেতৃত্ব দিয়েছে এ দল।
আওয়ামী লীগের এক সময়ের প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা বর্তমানে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। আওয়ামী লীগ মুখপাত্র ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম পৃথকভাবে বিবৃতি দিয়েছেন।
শেখ হাসিনা তার বাণীতে দলের অতীত গৌরবের চিত্র তুলে ধরে অতীতের মতো ভবিষ্যতেও জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
সৈয়দ আশরাফ দলের প্রতিষ্ঠাদিবস পালনে সব স্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/০৯৪১ ঘ.
bdnews24