ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার 'জনস্বার্থে' মাত্র একজন সচিবকে বাধ্যতামূলক অবসর দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। অন্যদিকে চারদলীয় জোট সরকারের পাঁচ বছরে ৪৬ জন সরকারি কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয় বলে তিনি দাবি করেন।
জাতীয় সংসদের মঙ্গলবারের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে আশরাফ এ কথা বলেন।
চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য জাফরুল ইসলাম চৌধুরীর এক প্রশ্নের জবাবে আশরাফ বলেন, "বর্তমান সরকারের সময় একজন সচিবকে গণকর্মচারী আইন-১৯৭৪ এর ৯ (২) ধারায় বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।"
'জনস্বার্থে ও প্রশাসনিক' প্রয়োজনে তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয় বলে তিনি জানান।
সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ মুহিবুর রহমান মানিকের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী দাবি করেন, চারদলীয় জোট সরকারের আমলে ৪৬ জন সরকারি কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়। ওই পাঁচ বছরে তিন হাজার ৬৬৯ জন সরকারি কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/১৯২৯ ঘ.
bdnews24