চট্টগ্রাম, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সদিচ্ছা থাকলে দলীয় সরকারের আমলেও সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী।
রোববার সকালে চট্টগ্রাম নগরীর গুডস হিলে নিজ বাসবভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
১৭ জুন অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীর কাছে বিশাল ব্যবধানে পরাজিত হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী।
এ ফলাফলের সূত্র ধরে সাংবাদিকরা তার কাছে জানতে চান- দলীয় সরকারের আমলে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মনে করেন কি না?
জবাবে সালাউদ্দিন কাদের বলেন, "সদিচ্ছা থাকলে দলীয় সরকার কোনো সমস্যা নয়। নির্বাচন কমিশন চাইলে সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারে।"
তবে বর্তমান নির্বাচন কমিশনকে সাবেক সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদের গঠন করা উল্লেখ করে তিনি জানান, এ কমিশনকে তিনি কখনোই মেনে নেননি।
সেই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিতেও বিশ্বাসী নন বলে জানান তিনি।
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের মধ্য দিয়ে বর্তমান নির্বাচন কমিশন নিজেদের অতীত ভুল শোধরানোর একটি ধারা শুরু করেছে বলেও মন্তব্য করেন প্রভাবশালী এই বিএনপি নেতা।
সদ্য সমাপ্ত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী মনজুর আলমের বিজয়ের পর সালাউদ্দিন কাদের চৌধুরী আনুষ্ঠানিকভাবে তাঁর প্রতিক্রিয়া জানালেন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফলে তিনি খুবই আনন্দিত উল্লেখ করে সাংবাদিকদের সালাউদ্দিন কাদের বলেন, "চট্টগ্রামবাসী সুষ্পষ্টভাবে এ সরকারের বিপক্ষে সিগন্যাল দিয়ে দিয়েছে। গত ১৮ মাসে সরকারের ব্যর্থতার ফসল এ নির্বাচনের ফলাফল।"
তিনি বলেন, "মহিউদ্দিন চৌধুরী নির্বাচনে যে ভোট পেয়েছেন তা তাঁর ব্যক্তিগত ভোট। জনগণ আসলে আওয়ামী লীগকে ভোট দেয়নি।'
তিনি এ জন্য মহিউদ্দিন চৌধুরীকে ধন্যবাদও জানান।
এবারের নির্বাচনে চট্টগ্রামের হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান সকলেই স্থানীয় উন্নয়ন দেখে ভোট দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, "এবার সুরঞ্জিত বাবুরা চট্টগ্রামে এসে তাদের পুরান খেলা আর খেলতে পারেন নাই।"
"এবার সংখ্যালঘুরা আর সংখ্যালঘু ছিল না।"
আগামীতে চট্টগ্রামের উন্নয়নের জন্য জলাবদ্ধতা দূর, পানি সরবরাহের সুব্যবস্থা, লোডশেডিং কমানো এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে গুরুত্ব দিতে হবে বলে মত দেন তিনি।
এবার সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থীর বিজয়ের মধ্য দিয়ে চট্টগ্রামকে সমৃদ্ধ নগরীতে পরিণত করার সুযোগ এসেছে বলে মন্তব্য করেন তিনি।
এজন্য তিনি প্রধানমন্ত্রীর সহযোগিতা প্রত্যাশা করে বলেন, "তিনি চট্টগ্রামের উন্নয়নের ভার নিজেই নিয়েছেন। আশা করছি ভবিষ্যতেও প্রধানমন্ত্রী তাঁর অঙ্গীকার রাখবেন।"
নির্বাচনের আগের দিন কেন তাকে আটক করে আবার ছেড়ে দেয়া হল-সাংবাদিকদের মাধ্যমে রিটানিং কর্মকর্তার কাছে এর কারণ জানতে চান সালাউদ্দিন কাদের।
এদিকে আগামী ২৭ জুনের হরতাল নিয়ে সরকারের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, "দোহাই আল্লাহ্র এমন কোন কাজ করবেন না যা গণতান্ত্রিক পরিবেশকে বাধাগ্রস্ত করে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসএএ/কেএমএস/১৫৫২ ঘ.
bdnews24