ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এ মাসের মধ্যেই পূর্ণাঙ্গ মানবাধিকার কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
শনিবার রাজধানীর হোটেল শেরাটনে এক সেমিনারে তিনি এ কথা বলেন।
'জেলা আইনগত সহায়তা তহবিলের কার্যকর ব্যবহার' শীর্ষক এ সেমিনারের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা রংপুর-দিনাজপুর রুরাল সার্ভিস (আরডিআরএস)।
মানবাধিকার নিশ্চিত করার ব্যাপারে সরকার সচেতন রয়েছে জানিয়ে আইনমন্ত্রী বলেন, "এ মাসের মধ্যেই পূর্ণাঙ্গ মানবাধিকার কমিশন গঠন করা হবে।"
কমিশনকে সহায়তা করার জন্য পাঁচ সদস্যের একটি স্বেচ্ছাসেবী দলও গঠন করা হবে বলে জানান তিনি।
সেমিনারে একজন বক্তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, "সরকার দুর্নীতি দমন কমিশনের (দুদক) ক্ষমতা খর্ব করতে আইন সংশোধন করছে না। বরং দুদককে শক্তিশালী করার জন্য তা করা হচ্ছে।"
দরিদ্র ব্যক্তিদের আইনী সহায়তা করতে সরকার দেশের সব জেলায় 'আইনী সহয়তা প্রদান কমিটি' গঠন করেছে বলেন তিনি।
এ ব্যাপারে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে গণমাধ্যম, প্রেক্ষাগৃহ ও গ্রাম গঞ্জের হাট বাজারে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে প্রচারণা চালানো হবে বলে জানান আইনমন্ত্রী।
একই সঙ্গে প্রত্যেক জেলা বার কাউন্সিলের মাধ্যমে দরিদ্র ব্যক্তিদের আইনী সহায়তা দিতে আইনজীবীদের কাজ করার আহ্বান জানান তিনি।
আদালতে মামলার জট কমাতে শিগগির আইন সংশোধন করা হবে। এক্ষেত্রে মামলা নিষ্পত্তি করার জন্য বাধ্যতামূলক বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতি চালু উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
সাবেক উপদেষ্টা সুলতানা কামাল বলেন, 'মানবাধিকারের ব্যাপারে সরকারকে গুরুত্ব দিতে হবে। আইন সংশোধন করে দুদকের ক্ষমতা খর্ব করা না হয় সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে।"
তথ্য অধিকার আইনের সুবিধা জনগণ পাচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।
এসব কমিশনকে আরো শক্তিশালী করার আহ্বান জানান তিনি ।
সেমিনারে ডিএফআইডি'র সিড়ি প্রকল্পের অধিকার বিষয়ক উপদেষ্টা সাইদুর রহমান মূল প্রবন্ধ উপস্থাপন করে বলেন, "লিগ্যাল এইড বা আইনী সহায়তা হচ্ছে কোনো দরিদ্র ব্যক্তিকে বিনামূল্যে ন্যায়বিচার প্রাপ্তিতে প্রয়োজনীয় সার্বিক সহযোগিতা প্রদান করা।"
দেশে সরকারি ও বেসরকারি দুই ধরণের আইনী সহায়তা কার্যক্রম রয়েছে জানিয়ে তিনি বলেন, "মানবাধিকার রক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠায় অনেক গুরুত্বপূর্ণ আইন রয়েছে। কিন্তু সাধারণ মানুষ এসব আইন ও এর প্রয়োগ সর্ম্পকে সচেতন না থাকায় আইনের যথাযথ সুবিধা পায় না।"
আরডিআরএস এর ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারপারসন সৈয়দা রিজওয়ানা হাসানের সভাপতিত্বে আরো বক্তব্য দেন সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক সৈয়দ আমিনুল ইসলাম, বাংলাদেশ লিগ্যাল রিফর্ম প্রকল্পের পরিচালক আয়ান মরিসন, নেদারল্যান্ড দূতাবাসের প্রথম সচিব হেনি ডি ভ্রাইস, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী, বৈখাশী টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আহসান বুলবুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/কেএমএস/১৬৫৬ ঘ.
bdnews24