২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজ কেন্দ্রেও হেরেছেন মহিউদ্দিন

নিজে যে কেন্দ্রে ভোট দিয়েছেন সেখানেও এম মনজুর আলমের কাছে পরাজিত হয়েছেন এবিএম মহিউদ্দিন চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2010, 07:08 AM

Updated : 25 Aug 2022, 12:25 PM

চট্টগ্রাম, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজে যে কেন্দ্রে ভোট দিয়েছেন সেখানেও এম মনজুর আলমের কাছে পরাজিত হয়েছেন এবিএম মহিউদ্দিন চৌধুরী। বৃহস্পতিবার ভোটের দিনে নগরীর শূলকবহর এলাকার আহম্মদ মিয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন মহিউদ্দিন। ভোট দেওয়ার পর নিজের জয়ের ব্যাপারে আশা প্রকাশ করে তিনি বলেন, নগরবাসী আগের নির্বাচনের চেয়েও অনেক বেশি ভোট দিয়ে তাকে নির্বাচিত করে চট্টগ্রামকে একটি উন্নয়ন মডেল ও উন্নত নগরী হিসেবে গড়ে তোলায় সুযোগ করে দেবে। ঘোষিত বেসরকারি ফলাফলে দেখা গেছে, এ কেন্দ্রেই তিনি ৯৫ ভোটে বিএনপি সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী এম মনজুর আলমের কাছে পরাজিত হয়েছেন। এ কেন্দ্রে মহিউদ্দিন পেয়েছেন ৫৭১ ভোট। আর মনজুর পেয়েছেন ৬৬৬ ভোট। কেন্দ্রটিতে মোট ভোটার দুই হাজার ৩৫৯ জন। অন্যদিকে নিজের ভোটদান কেন্দ্রে জয়লাভ করেছেন মনজুর আলম। বৃহস্পতিবার সকালে নগরীর উত্তর কাট্টলীতে নিজ এলাকায় হাজী দাউদ সরকারি প্রাথমিক বিদ্যালয় সিটি গেইট কেন্দ্রে ভোট দেন তিনি। ভোট দেওয়ার পর সাংবাদিকদের মনজুর বলেন, "আমি আমার জয়ের ব্যাপারে শতভাগ নিশ্চিত। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ভোটের ফলাফল মেনে নেব।" মনজুর এ কেন্দ্রে এক হাজার ১৭৯ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। এখানে মোট ভোটার তিন হাজার ৯৩ জন। এর মধ্যে মনজুর ১ হাজার ৬২৮ এবং মহিউদ্দিন ৪৪৯ ভোট পেয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এজে/কেএমএস/১২৪৮ ঘ.