ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এম মনজুর আলমকে মেয়র নির্বাচিত করায় চট্টগ্রামবাসীকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
এক বিবৃতিতে খালেদা জিয়া এ অভিনন্দন জানিয়েছেন বলে তার প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
বিবৃতিতে খালেদা জিয়া মনজুরের বিজয়কে চট্টগ্রামের উন্নয়নে ব্যর্থতার বিরুদ্ধে জনগণের বিজয় হিসেবে অভিহিত করে বলেছেন, "এই বিজয়ের মাধ্যমে সরকারের নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধে জনগণের রায় প্রতিফলিত হয়েছে।"
সাবেক প্রধানমন্ত্রী খালেদা এই বিজয়ের জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন।
নবনির্বচিত মেয়র মনজুরকে অভিনন্দন জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, নতুন মেয়র চট্টগ্রামের উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করবেন।
সুষ্ঠু নির্বাচন ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠানে সেনাবহিনী, র্যাব, বিডিআর, পুলিশ ও আনসারসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আন্তরিক প্রচেষ্টার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিরোধী দলীয় নেতা।
একইসঙ্গে তিনি নির্বাচন কমিশন ও বন্দরনগরীর এই নির্বাচনে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নির্বাচন নিয়ে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে অভিনন্দন জানিয়েছেন খালেদা।
মারুফ কামাল জানান, বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন দলীয় নেতাকর্মী, চট্টগ্রাম উন্নয়ন আন্দোলন ও জাতীয়তাবাদী পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ চারদলীয় জোটের শরিক নেতাকর্মীদেরও অভিনন্দন জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/কেএমএস/১১৫৬ ঘ.
bdnews24