চট্টগ্রাম, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের মেয়র পদপ্রার্থী এম মনজুর আলম আবারও বলেছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে তিনি ভোটের ফলাফল মেনে নেবেন।
বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) নির্বাচনে নিজের ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
সকাল সাড়ে ৯ টার দিকে নগরীর উত্তর কাট্টলীর হাজী দাউদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনি ভোট দেন।
ভোটকেন্দ্রে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আপাতত শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে। তেমন কোন অভিযোগ পাইনি।"
তিনি আরও বলেন, "আমি আমার জয়ের ব্যাপারে শতভাগ নিশ্চিত।"
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ভোটের ফলাফল মেনে নেব।"
চট্টগ্রামের বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান এ সময় তার সঙ্গে ছিলেন।
মনজুর ভোটকেন্দ্রে আসার আগে নিজ বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন। সকাল ৯ টার দিকে তিনি তার মা ও বাবার কবর জিয়ারত করেন।
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বৃহস্পতিবার সকাল ৮ টায় ভোটগ্রহন শুরু হয়। চলবে একটানা বিকাল ৪ টা পর্যন্ত।
সিসিসির ৪১টি ওয়ার্ডে ভোটার সংখ্যা ১৬ লাখ ৮৮ হাজার ৬৭৬।
মনজুর ছাড়াও আওয়ামী লীগ সমর্থিত নাগিরক কমিটির এ বি এম মহিউদ্দিন চৌধুরীসহ আটজন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওয়ার্ড কাউন্সিলর পদে ২৪৯ জন এবং ১৪টি সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর পদে ৫৯ জন প্রার্থী রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএডি/কেএমএস/০৯৫০ ঘ.
bdnews24