২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ই-ভোটে ব্যাপক সাড়া

দেশে প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে ই-ভোট চালু হয়েছে চট্টগ্রাম মহানগরীর জামালখান রোড এলাকার ২১ নম্বর ওয়ার্ডে। (আরও তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2010, 03:26 AM

Updated : 25 Aug 2022, 12:22 PM

চট্টগ্রাম, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে ই-ভোট চালু হয়েছে চট্টগ্রাম মহানগরীর জামালখান রোড এলাকার ২১ নম্বর ওয়ার্ডে। পছন্দের মেয়র ও কাউন্সিলর প্রার্থীকে আর ব্যালট পেপারে নয়; ইলেকট্রনিক মেশিনে সাটানো প্রতীকের পাশে বোতাম টিপে ভোট দিচ্ছেন এ ওয়ার্ডের ভোটাররা। ওয়ার্ডের ২৫ হাজার ২৩০ জন ভোটারের মধ্যে পুরুষ ১২ হাজার ৮৭৯ এবং মহিলা ১২ হাজার ৩৫১ জন। ১৪টি ভোটকেন্দ্রে ভোটকক্ষ রয়েছে ৭৯টি। এজন্য ১৪ জন প্রিজাইডিং অফিসার, ৭৯ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১৫৮ জন পোলিং অফিসার নিয়োজিত আছেন। নতুন এ পদ্ধতিতে ভোট দিতে সকাল ৮টার আগেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। সেখানে অপেক্ষমান ভোটারদের বেশিরভাগই ছিলো নারী। সহকারী রিটার্নিং কর্মকর্তা দুলাল তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২১ নম্বর ওয়ার্ডে ৭৯টি ভোটকক্ষের জন্য ৭৯টি এবং প্রতি ভোটকেন্দ্রের জন্য অতিরিক্ত একটি হিসেবে ১৪টিসহ ৯৩টি ইভিএম-এ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম ও প্রতীক যুক্ত রয়েছে। ই-ভোটিংয়ের সব প্রস্তুতি সম্পন্ন জানিয়ে তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। নির্বাচন কমিশনকে এ কাজে প্রয়োজনীয় প্রযুক্তি সরবরাহ, ভোট কর্মকর্তাদের প্রশিক্ষণ ও ভোটারদের মহড়াসহ কারিগরি সহায়তা দিয়েছে বুয়েটের আইআইসিটি। ২১ নম্বর ওয়ার্ডে ই-ভোটিং পর্যবেক্ষণ করছেন বুয়েটের অধ্যাপক এস এম লুৎফুল কবীর। ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ই-ভোট দিতে এসে উদ্বেলিত ভোটার মোছলেম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাংলাদেশ ভোট নেওয়ায় ডিজিটাল যুগে প্রবেশ করেছে। এতে আনন্দিত আমি। মহড়ায়ও অংশ নিয়েছি। আজ ভোট দিতে পেরে বেশ ভালো লাগছে।" ভোট দিয়ে বেরিয়ে দীপু সরকার তার প্রতিক্রিয়ায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সহজ-ই তো। ট্রায়াল দেইনি। কর্মকর্তারা দেখিয়ে দেওয়ায় কোনো সমস্যাও হয়নি।" এ পদ্ধতিতে ভোট দিতে সময় কম লেগেছে বলে জানান তিনি। প্রিজাইডিং কর্মকর্তা ইফতেখারুল ইসলাম জানান, ভোটারদের উপস্থিতি বেশি। ই-ভোটিং নিয়ে উৎসাহ লক্ষ করা যাচ্ছে। রিটার্নিং কর্মকর্তা জেসমিন টুলী সকাল পৌনে ৯টার দিকে এ কেন্দ্র পরিদর্শনে আসেন। সেখানে সাংবাদিকদের তিনি বলেন, ই-ভোটিং প্রবর্তনে ভোটারদের বেশ উৎসাহ রয়েছে। আশা করছি, ২১ নম্বর ওয়ার্ডে ভোটারদের উপস্থিতি ভালো থাকবে। তিনি জানান, ভোট শান্তিপূর্ণ পরিবেশে হচ্ছে। কোথাও কোনো গোলোযোগের খবর পাওয়া যায়নি। নির্বাচনের আগে গত ১১ ও ১২ জুন ২১ নম্বর ওয়ার্ডে ই-ভোটিংয়ের মহড়া হয়। বন্দরনগরীর এ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্রসহ নির্বাচনী এলাকায় সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ২০ হাজার সদস্য নিয়োজিত আছে। এ নির্বাচনে মেয়র পদে প্রার্থী আটজন। ৪১টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৪৯ জন এবং ১৪টি সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর পদে ৫৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়র পদের প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ সমর্থিত নাগরিক কমিটির প্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরী, বিএনপি সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী এম মনজুর আলম, স্বতন্ত্র সৈয়দ সাজ্জাদ জোহা, মোহাম্মদ ইব্রাহীম, জানে আলম, মোফাজ্জল হোসেন ভূইয়া ও রফিকুল আলম। মহাজোটের অন্যতম শরীক জাতীয় পার্টির (এরশাদ) মেয়র প্রার্থী আওয়ামী লীগ নেতা মহিউদ্দিনের পক্ষে সমর্থন ঘোষণা করলেও প্রার্থিতা প্রত্যাহার না করায় ব্যালটে রয়ে গেছে সোলায়মান আলম শেঠ-এর নাম। গত ১৫ জুন মধ্যরাতে এ নির্বাচনের প্রচারণা শেষ হয়। ১৬ জুন মধ্যরাত থেকে অনুমোদিত ছাড়া সব ধরনের যান চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। এর আগে ১৪ জুন থেকে মটরসাইকেল চলাচলেও নিয়ন্ত্রণ আরোপ করা হয়। সিসিসি নির্বাচনে কোনো ধরনের অরাজকতা সহ্য করা হবে না বলে সতর্ক করে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমসি/এজে/কেএমএস/১০২৩ ঘ.