২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিসিসি নির্বাচনে ভোটগ্রহণ শুরু

কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে বৃহস্পতিবার চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) নির্বাচনের ভোট হচ্ছে। চট্টগ্রাম থেকে জানাচ্ছেন মঈনুল হক চৌধুরী, প্রদীপ চৌধুরী, রিয়াজুল বাশার, মিন্টু চৌধুরী ও আল আমিন দেওয়ান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2010, 02:46 AM

Updated : 25 Aug 2022, 12:22 PM

চট্টগ্রাম, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে বৃহস্পতিবার চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) নির্বাচনের ভোট হচ্ছে। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে; চলবে একটানা বিকাল ৪টা পর্যন্ত। ভোটকেন্দ্রসহ পুরো নির্বাচনী এলাকায় সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা বাহিনীর প্রায় ২০ হাজার সদস্য নিয়োজিত আছে। এ নির্বাচনে মেয়র পদে প্রার্থী আটজন। ৪১টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৪৯ জন এবং ১৪টি সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর পদে ৫৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়র পদের প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ সমর্থিত নাগিরক কমিটির প্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরী, বিএনপি সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী এম মনজুর আলম, স্বতন্ত্র সৈয়দ সাজ্জাদ জোহা, মোহাম্মদ ইব্রাহীম, জানে আলম, মোফাজ্জল হোসেন ভূইয়া ও রফিকুল আলম। মহাজোটের অন্যতম শরীক জাতীয় পার্টির (এরশাদ) মেয়র প্রার্থী আওয়ামী লীগ নেতা মহিউদ্দিনের পক্ষে সমর্থন ঘোষণা করলেও প্রার্থিতা প্রত্যাহার না করায় ব্যালটে রয়ে গেছে সোলায়মান আলম শেঠ-এর নাম। নাগরিক কমিটির মেয়র পদপ্রার্থী এবিএম মহিউদ্দিন চৌধুরীর পক্ষে জোর প্রচারণায় নামে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কমপক্ষে ৫০ জন কেন্দ্রীয় নেতা ও সাংসদ। অন্যদিকে বিএনপি সমর্থিত উন্নয়ন আন্দোলনের প্রার্থী মনজুর আলমের পক্ষে খুব কম সংখ্যক কেন্দ্রীয় নেতা প্রচারণায় অংশ নেয়। গত ১৫ জুন মধ্যরাতে এ নির্বাচনের প্রচারণা শেষ হয়। ১৬ জুন মধ্যরাত থেকে অনুমোদিত ছাড়া সব ধরনের যান চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। এর আগে ১৪ জুন থেকে মটরসাইকেল চলাচলেও নিয়ন্ত্রণ আরোপ করা হয়। রিটার্নিং কর্মকর্তা জেসমিন টুলী বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সব ধরনের পদক্ষেপ নিয়েছে কমিশন। কদম মোবারক এম ওয়াই উচ্চ বিদ্যালয়ের প্রিজাইডিং কর্মকর্তা সান্তনু জানিয়েছেন, ভোট শুরু হয়েছে। ভালভাবেই চলছে। এ কেন্দ্রে প্রথম ভোট দেন তপসী রাণী দে ও মেহেরুন নেছা। প্রতিক্রিয়া জানতে চাইলে তাপসী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অন্যরকম ভাল লাগছে। পথে কোনো সমস্যা হয়নি বলে জানান মেহেরুন নেছা। এর আগে সকালে এনায়েত বাজার মহিলা কলেজ কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা সিরাজুল আলম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৮টা থেকে ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রার্থীদের এজেন্টরা এসে প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়ে বুথে চলে গেছেন। ৮টা থেকেই ভোটগ্রহণ শুরু হবে। ভোট শুরু হওয়ার আগেই ২১ নম্বর ওয়ার্ডের ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পুলিশ লাইন হাইস্কুলসহ বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে ভোটার এবং পোলিং এজেন্টদের নির্বাচনের শেষ মুহূর্তের কাজে ব্যস্ত থাকতে দেখা যায়। ২০০৫ সালের ৯ মে সর্বশেষ সিসিসি নির্বাচন হয়, মেয়াদ উত্তীর্ণ হবে এ বছরের ২৫ জুন। সিটি করপোরেশন আইন অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার আগেই অনুষ্ঠিত হচ্ছে দেশের একমাত্র এই সিটি করপোরেশনের নির্বাচন। বর্তমানে সিসিসির ওয়ার্ড সংখ্যা ৪১টি। এর মধ্যে সংরক্ষিত ১৪টি। সর্বশেষ তালিকায় মোট ভোটার সংখ্যা ১৬ লাখ ৯৪ হাজার ৯৫৫। এর মধ্যে পুরুষ ভোটার ৮ লাখ ৭৭ হাজার ৭৯০। মহিলা ভোটার ৮ লাখ ১৭ হাজার ১৬৫। ভোট কেন্দ্র ৬৭৪টি; ভোট কক্ষ ৪ হাজার ৭৪৮টি। ভোটগ্রহণ কর্মকর্তা ১৪ হাজার ৯১৮ জন। এর মধ্যে প্রিজাইডিং কর্মকর্তা ৬৭৪ জন, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ৪৭৪৮ জন এবং পোলিং কর্মকর্তা ৯৪৯৬ জন। নির্বাচনী এলাকায় ৩ থেকে ১৮ জুন পর্যন্ত ছয়টি থানা এলাকায় দুজন করে ১২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালনের জন্য নিয়োজিত রয়েছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন প্রতিটি ওয়ার্ডে একজন করে ৪১ জন। ৯ থেকে ১৮ জুন পর্যন্ত ২ কোম্পানি বিডিআর এবং ১৪ থেকে ১৮ জুন পর্যন্ত ৬ কোম্পানি সেনা সদস্য ভ্রাম্যমাণ ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে। তারা ভোটকেন্দ্রের বাইরে টহল অবস্থায় থাকবে। নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণে নির্বাচন কমিশনের ৪১ জন উপজেলা নির্বাচন কর্মকর্তা 'নিরব পর্যবেক্ষক' ভূমিকায় আছেন। দেশে প্রথম ই-ভোটিং দেশে প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে ই-ভোট চালু হয়েছে মহানগরীর জামালখান রোড এলাকার ২১ নম্বর ওয়ার্ডে। এ পদ্ধতিতে ভোট দিতে সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। তাদের মধ্যে নারী ভোটারের সংখ্যা বেশি। ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে বেরিয়ে দীপু সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সহজ-ই তো। ট্রায়াল দেইনি। কর্মকর্তারা দেখিয়ে দেওয়াও কোনো সমস্যাও হয়নি।" এ পদ্ধতিতে ভোট দিতে সময় কম লেগেছে বলেও জানান তিনি। প্রিজাইডিং কর্মকর্তা ইফতেখারুল ইসলাম জানান, ভোটারদের উপস্থিতি বেশি। ই-ভোটিং নিয়ে উৎসাহ লক্ষ করা যাচ্ছে। ২১ নম্বর ওয়ার্ডে ই-ভোটিং পর্যবেক্ষণ করছেন বুয়েটের অধ্যাপক এস এম লুৎফুল কবীর। এ ওয়ার্ডে ২৫ হাজার ২৩০ জন ভোটারের মধ্যে পুরুষ ১২ হাজার ৮৭৯ এবং মহিলা ১২ হাজার ৩৫১ জন। ১৪টি কেন্দ্রে ৭৯টি ভোটকক্ষ রয়েছে। এজন্য ১৪ জন প্রিজাইডিং অফিসার, ৭৯ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১৫৮ জন পোলিং অফিসার নিয়োজিত আছেন। ইসির হুঁশিয়ারি সিসিসি নির্বাচনে কোনো ধরনের অরাজকতা সহ্য করা হবে না বলে সতর্ক করে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা। তিনি বলেছেন, নির্বাচনের দিন কোথাও কোনো কেন্দ্রে গোলমাল হলে তা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হবে। নির্বাচনী অনিয়মের জন্য তাৎক্ষণিক বিচারে (সামারি ট্রায়ালে) নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ছয়মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা পর্যন্ত শাস্তি দিতে পারবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমসি/এজে/কেএমএস/০৮৪১ ঘ.