ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোটারদের মধ্যে 'আতঙ্ক সৃষ্টি করে নির্বাচনকে প্রভাবিত করতেই' সালাহউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। তিনি অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করেন।
বুধবার রাতে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক জরুরি প্রেস ব্রিফিংয়ে দেলোয়ার এ অভিযোগ করেন।
বিএনপি মহাসচিব বলেন, "চট্টগ্রাম সিটি নির্বাচনকে প্রভাবিত করতেই অবৈধভাবে সালাহউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা ভোটারদের মধ্যে ভীতির পরিবেশ তৈরি করতেই তাকে এভাবে গ্রেপ্তার করেছে। তারা এভাবে নির্বাচনের ফলাফলকে নিজেদের প্রার্থীর পক্ষে নিতে চায়।"
তবে সাকা চৌধুরীকে গ্রেপ্তারের কারণে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন বয়কট করা হবে কিনা জানতে চাইলে তিনি 'না' সূচক জবাব দেন।
দেলোয়ার অভিযোগ করেন, সালাহউদ্দিন কাদের চৌধুরীর গ্রেপ্তারের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার এটি এম শামসুল হুদা তার সঙ্গে মিথ্যাচার করেছেন।
তিনি বলেন,''আমি প্রথমে রাত ৯টার দিকে সিইসির সঙ্গে কথা বলেছি। উনি বলেছেন, তিনি দেখছেন। রাত সাড়ে ১০টার দিকে আবার কথা বলেছি- তিনি বলেছেন তাকে ছেড়ে দেওয়া হবে। এভাবে সিইসি একটি বৃহৎ দলের মহাসচিবের সঙ্গে মিথ্যা কথা বলেছেন।''
বিএনপি মহাসচিব আরও অভিযোগ করেন, চট্টগ্রামে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, হুইপ মির্জা আজম, পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদসহ সরকারি দলের অনেক সাংসদ ও নেতারা অবস্থান করে নির্বাচন কমিশন, পুলিশ ও স্থানীয় প্রশাসনকে ব্যবহার করছেন। তারা এভাবে জনগণের রায়কে 'কারচুপির' মাধ্যমে দখল করতে চায়।
তিনি সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, "এর পরিণতি শুভ হবে না।"
সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, সিনিয়র যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিন্উিজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২৩৩৬ ঘ.
bdnews24