চট্টগ্রাম, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠানের সব প্রস্তুতি প্রায় গুছিয়ে এনেছে নির্বাচন কমিশন। নির্বাচনের প্রয়োজনীয় সরঞ্জাদি ইতোমধ্যে এসে পৌঁছেছে।
রোববার সকালে এসেছে ব্যালট পেপার। এর আগেরদিন বুধবার তা প্রিসাইডিং কর্মকর্তাদের মধ্যে বিতরণ করা হবে। এর আগে স্বচ্ছ ব্যালট বাক্স ও নির্বাচনের অন্যান্য সরঞ্জাম এসে পৌঁছে।
আগামী বৃহস্পতিবার চট্টগ্রাম সিটি নির্বাচনের ভোটগ্রহণ হবে।
নির্বাচন কমিশন কার্যালয় সূত্রে জানা গেছে, ৫০ লাখ ৬৬ হাজারেরও কিছু বেশি ব্যালট পেপার সকালে ঢাকা থেকে চট্টগ্রাম এসে পৌঁছে। নগরের এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়ামে এগুলো রাখা হয়েছে।
১৭ জুন চট্টগ্রাম সিটি নির্বাচনে একজন ভোটার মেয়র, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর পদে তিনটি ভোট দেবেন।
রিটার্নিং কর্মকর্তা জেসমিন টুলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা সিটি কর্পোরেশন নির্বাচনের সব কার্যক্রম গুছিয়ে এনেছি। ঢাকা থেকে সব সরঞ্জাম ইতিমধ্যে এসে গেছে।"
মোট ভোটার সংখ্যার তিনগুণ ব্যালট পেপার আনা হয়েছে। নির্বাচনের আগেরদিন তা প্রিসাইডিং কর্মকর্তাদের বুঝিয়ে দেয়া হবে বলে তিনি জানান।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন এলাকায় মোট ভোটার সংখ্যা ১৬ লাখ ৮৮ হাজার ৬৭৮।
এবার দেশে প্রথমবারের মতো নগরীর ২১ নম্বর জামালখান ওয়ার্ডে ইলেকট্রনিক পদ্ধতিতে ভোট নেওয়া হবে। এ পদ্ধতিতে ভোট গ্রহণের সব সরঞ্জামও চট্টগ্রামে এসে পৌঁছেছে। কোনো কারণে ভোটগ্রহণ পদ্ধতিতে সমস্যা হলে বিকল্প উপায় হিসেবে ব্যালট পেপারে ভোট নেওয়া হবে।
সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট কেন্দ্র ৬৭৩ টি।
চট্টগ্রাম সিটি নির্বাচনকে সামনে রেখে সোমবার সকাল থেকেই নগরীতে সেনাবাহিনীর টহল শুরু হচ্ছে।
ঘোষিত তফশিল অনুযায়ী সকাল থেকেই ছয় কোম্পানি সেনা সদস্য নির্বাচনের পরদিন ১৮ জুন পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে টহল দেবে।
ভোটের দিন সেনা সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে বলে জেলা নির্বাচন কার্যালয় জানিয়েছে। গত ৯ জুন থেকে বিডিআর সদস্যরা নির্বাচন এলাকায় টহল দিচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২০৫০ ঘ.
bdnews24