সিলেট, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দেওয়ার সময় আরো এক সপ্তাহ বাড়ানো হয়েছে।
এ নিয়ে অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলে ৩২ বার সময় বাড়ানো হলো।
অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার সিলেটের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ মাহবুব-উল ইসলাম আগামী ২০ জুন পরবর্তী দিন ধার্য করেন।
সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট কিশোর কুমার কর সাংবাদিকদের জানান, সিআইডির অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলে আরো সময় চেয়েছে। আদালত এক সপ্তাহ সময় দিয়েছে।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে গ্রেনেড হামলায় তৎকালীন বিরোধীদল আওয়ামী লীগের সাংসদ কিবরিয়াসহ পাঁচজন নিহত হন।
কিবরিয়া ১৯৯৬-২০০১ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী ছিলেন।
হত্যাকাণ্ডের পর স্থানীয় আওয়ামী লীগ নেতা আবদুল মজিদ বাদি হয়ে অজ্ঞাতদের আসামি করে হবিগঞ্জ থানায় মামলা করেন।
২০০৮ সালের ২২ সেপ্টেম্বর উচ্চ আদালতে বাদি পক্ষের একটি আবেদনের পরিপ্রেক্ষিতে বিচার কাজ স্থগিত করে অধিকতর তদন্তের নির্দেশ দেওয়া হয়।
মামলার অধিকতর তদন্তের জন্য সিআইডির হবিগঞ্জ অঞ্চলের জ্যেষ্ঠ পুলিশ সুপার মো. রফিকুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১১ ঘ.
bdnews24