২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হতাশা থেকেই আওয়ামী লীগ নেতারা কুরুচিপূর্ণ কথা বলছেন : খসরু

চট্টগ্রাম মহানগর বিএনপি'র সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নিজেদের হতাশা থেকেই আওয়ামী লীগ নেতারা মনজুরুল আলম সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2010, 05:07 PM

Updated : 25 Aug 2022, 12:03 PM

চট্টগ্রাম,জুন ১২(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-চট্টগ্রাম মহানগর বিএনপি'র সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নিজেদের হতাশা থেকেই আওয়ামী লীগ নেতারা মনজুরুল আলম সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "এবার পরিবর্তনের পক্ষে জোয়ার এসেছে। সুষ্ঠু নির্বাচন হলে আমাদের প্রার্থীর পক্ষেই জনগণের রায় আসবে।" চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে এম. মনজুর আলমের পক্ষে প্রচারণায় নেমেছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। শনিবার দিনভর নগরীজুড়ে বিএনপির স্থানীয় ও ঢাকা থেকে আসা কেন্দ্রীয় নেতারা বিএনপি সমর্থিত উন্নয়ন আন্দোলনের মেয়র প্রার্থীর পক্ষে প্রচারণা চালান। আর এ প্রসঙ্গে খসরু বলেন, " দলগত সিদ্ধান্ত নিয়ে নয়, ব্যাক্তিগত সম্পর্কের কারণেই কেন্দ্রীয় অনেক নেতা মনজুর আলমের পক্ষে প্রচারণা চালাতে এসেছেন।" এদিকে শনিবার ঢাকা থেকে আসা যেসব কেন্দ্রীয় নেতা মনজুর আলমের পক্ষে প্রচারণায় অংশ নিয়েছেন তারা হলেন-বিএনপির যুগ্ম মহাসচিব আমানুল্লাহ আমান, মোহাম্মদ শাহজাহান, ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন এ্যানি, সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, ভোলার সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহীম, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসনে আলাল এবং ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। দিনভর তারা নগরীর আগ্রাবাদ, ষোলশহর, লালখানবাজার, সুলকবহর, উত্তর হালিশহর, চকবাজার এবং পাঁচলাইশসহ বিভিন্ন জায়গায় জনসংযোগ চালান। এসব নেতারা কখনও এম. মনজুরকে সাথে নিয়ে, আবার কখনও আলাদাভাবে বিভিন্ন পথসভা করে এবং ভোটারদের ঘরে ঘরে গিয়ে নিজেদেও প্রার্থীর পক্ষে ভোট চেয়েছেন। এতদিন কেবল বিএনপির স্থানীয় কেন্দ্রীয় নেতারা মনজুর আলমের পক্ষে প্রচারণা চালিয়ে আসছিলেন। আওয়ামী লীগ সমর্থিত নাগরিক কমিটির প্রার্থী এবিএম মহিউদ্দিন চৌধুরীর পক্ষে ব্যাপক সংখ্যক কেন্দ্রীয় নেতা প্রচারণায় অংশ নিচ্ছেন। এবার বিএনপি সমর্থিত প্রার্থী এম. মনজুর আলমের পক্ষেও প্রচারণা চালাতে চট্টগ্রামে আসা শুরু করেছেন বিএনপি'র কেন্দ্রীয় নেতারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এসএএ/২২৫৭ঘ.