মৌলভীবাজার, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজার পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলামের একটি হাত কেটে ফেলেছে দুর্বৃত্তরা। শহরের নতুন স্টেডিয়াম এলাকায় বৃহস্পতিবার বিকালে এ হামলা হয়।
অশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক কান্তি ভূষণ ভট্টাচার্য জানান, প্রচুর রক্তক্ষরণে অবস্থার অবনতি হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থা আশঙ্কাজনক।
তিনি বলেন, তাজুলের বাম হাত কনুইয়ের উপরে কেটে ফেলেছে। তবে চামড়ার সঙ্গে সামান্য লেগে থাকায় ব্যান্ডেজ করে দ্রুত সিলেটে পাঠিয়ে দিই।"
সদর মডেল থানার ওসি অমুল্য কুমার চৌধুরী জানান, বেলা ৩টার দিকে রামদা ও কিরিচের কোপে তাজুলের বাম হাত কনুইয়ের উপর কেটে ফেলে।
তিনি জানান, মঙ্গলবার রাতে দেবব্রত ধর পাপ্পু নামে এক তরুণকে মারধর করে কয়েকজন তরুণ। এ ঘটনার পর রাতে শহরের চৌমুহনা এলাকায় দু'পক্ষের মধ্যে কয়েকদফা ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এর জেরে এ হামলা হয়েছে।
ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এখনো মামলা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯০০ ঘ.
bdnews24