২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হানিফের বিরুদ্ধে অভিযোগ নিচ্ছে না ইসি

ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ আমলে নিচ্ছে না নির্বাচন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2010, 02:51 PM

Updated : 25 Aug 2022, 11:53 AM

ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ আমলে নিচ্ছে না নির্বাচন কমিশন। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী মহিউদ্দিন চৌধুরীর পক্ষে প্রচারণায় অংশ নেওয়ায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হানিফের বিরুদ্ধে এই অভিযোগ করেন বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী। বুধবার নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, "হানিফ-এর পদটি আলঙ্কারিক ও রাজনৈতিক পদ। এ পদ নিয়ে তিনি (হানিফ) সরকারি কোনো স্ট্যাটাস বা বেতন ভোগ করছে না।" হানিফ-এর বিরুদ্ধে খসরুর অভিযোগটি আমলে নেওয়ার মতো নয় বলে মত দেন এই নির্বাচন কমিশনার। গত শনিবার মহানগর বিএনপির সভাপতি খসরু অভিযোগ করেন, হানিফ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে সচিব পদমর্যাদার সুযোগ সুবিধা ভোগ করেন। তিনি আওয়ামী লীগ সমর্থিত নাগরিক কমিটির প্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরীর পক্ষে প্রচারণায় অংশ নিয়ে আচরণ বিধিমালার ১৪ নম্বর ধারা লঙ্ঘন করেছেন। খসরু বিএনপি সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের মেয়র প্রার্থী এম মনজুর আলমের প্রধান নির্বাচনী এজেন্ট। সিটি করপোরেশন নির্বাচনের আচরণ বিধিমালার ১৪ ধারায় বলা হয়েছে, জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, হুইপ এবং সরকারের কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপ-মন্ত্রী বা তাদের সম পদমর্যাদার সরকারি সুবিধাভোগী কোনো ব্যক্তি নির্বাচনের আগে প্রচারণায় বা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না। ইসি সচিবালয়ের যুগ্ম সচিব (আইন) নুরুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, "আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ মন্ত্রী, প্রতিমন্ত্রী বা সম মর্যাদার কোনো সরকারি সুবিধাভোগী নন। তার বিরুদ্ধে খসরুর এ অভিযোগটি আইন সম্মত না হওয়ায় ইসি কোনো ব্যবস্থা নেবে না।" নির্ধারিত সময়ে মহিউদ্দিনের নির্বাচনী প্রচারণায় উনার (হানিফ) অংশ নিতে বাধা নেই বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমএসবি/২০৪৪ ঘ.