ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া সংসদের বাইরে 'বিকল্প বাজেট' উপস্থাপনের মাধ্যমে সংবিধান লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ।
বুধবার রাজধানীতে আওয়ামী লীগ প্রধানের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
এর আগে জাতীয় সংসদে মঙ্গলবার মহাজোটের সাংসদরা সংসদের বাইরে বিরোধী দলের বাজেট প্রস্তাব উপস্থাপনকে 'অসাংবিধানিক' বলে অভিহিত করেন। তারা এ বিষয়ে স্পিকারের রুলিংও দাবি করেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম তার বক্তব্যের শুরুতেই এ সংবাদ সম্মেলনকে 'অনভিপ্রেত' আখ্যায়িত করে বলেন, "বিরোধী দলের নেতা বাজেট সংক্রান্ত তার বক্তব্য সংসদে এসে বললে আজকে (বুধবার) আমাদের সংবাদ সম্মেলন করতে হতো না।"
বাজেট উপস্থাপন প্রসঙ্গে সংবিধানের ৮৭ থেকে ৯২ অনুচ্ছেদের উল্লেখ করে তিনি বলেন, "বিরোধী দলের নেতা সরকারের বাজেট উপস্থাপনার আগেই তাদের তথাকথিত বিকল্প বাজেট ঘোষণা করে সংবিধানের ব্যত্যয় করেছেন।"
তিনি আরো বলেন, "সংবিধান, সংসদীয় রীতি-নীতি এবং গণতান্ত্রিক মূল্যবোধ লঙ্ঘন করে বিরোধী দলের নেতা জাতীয় সংসদে না এসে, যেখানে বাজেট পাসও হবে না, বিতর্ক হবে না এবং আলোচনাও হবে না সেখানে কেন বিকল্প বাজেট পেশ করতে গেলেন তা আমাদের বোধগম্য নয়।"
স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফ এ সময় 'ষড়যন্ত্র ও নেতিবাচক সাংঘর্ষিক রাজনীতির পথ' ছেড়ে সংসদে ফিরে কথা বলার জন্য বিরোধী দলের প্রতি আহবান জানান।
বিএনপি চেয়ারপারসনের 'বাজেট প্রস্তাবের' সমালোচনা করে তিনি বলেন, "সংসদকে অকার্যকর করাই তার এবং তার সহযোগীদের উদ্দেশ্য। যখন সংসদ সদস্যপদ রক্ষার প্রয়োজন হবে, তখন নতুন কোনো অজুহাত তুলে তারা হয়তো সংসদে ফিরেও আসতে পারেন বা সংসদীয় গণতন্ত্র ধ্বংসের পাঁয়তারা করতে পারেন।"
খালেদা জিয়া তার বাজেট প্রস্তাবে সরকার এবং বাজেট সম্পর্কে বেশ কিছু 'অসত্য' বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন বলেও আশরাফ অভিযোগ করেন।
বিরোধী দলীয় নেতার বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি আকস্মিকভাবে কোনো সময় আসে না। মধ্য মেয়াদে ও দীর্ঘমেয়াদে বিনিয়োগ, সুষ্ঠু নীতি এবং প্রাতিষ্ঠানিক দক্ষতার ফলে প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব হয়।
এ সম্পর্কে তিনি বলেন, বাজেট ঘাটতির সংখ্যা দিয়ে এর অর্থ বোঝা যায় না। এজন্য সুষ্ঠু অর্থনৈতিক বিশ্লেষণ প্রয়োজন। বিরোধী নেত্রীর বক্তব্যে এ বিশ্লেষণ এবং অর্থনৈতিক ধারণা দুঃখজনকভাবে অনুপস্থিত। ঘাটতি ব্যয়ের ফলে মূল্যস্ফীতির উর্দ্ধগতি দেখা যায় এবং সরকারের অতিমাত্রায় ঋণ নেওয়ার ফলে ব্যক্তিখাতের ঋণের প্রাপ্তি কমে যায়।
স্থানীয় সরকার মন্ত্রী আরো বলেন, অর্থনীতিতে সম্পদ অব্যবহৃত থাকলে ঘাটতি ব্যয়ের মাধ্যমে তা ব্যবহারের ব্যবস্থা করা যায় এবং উৎপাদন বাড়ানো যায়।
অর্থনীতির এই মৌল সূত্র না জেনে শুধু সংখ্যা দিয়ে ঘাটতির বিচার করলে অর্থনীতির ক্ষতি হয়। বিরোধী দলের নেত্রীর বক্তব্যে এই দুঃখজনক প্রবণতা লক্ষণীয় বলে তিনি মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, নূহ-উল-আলম লেনিন, আ ফ ম বাহাউদ্দিন নাসিম, খালিদ মাহমুদ চৌধুরী, মৃণাল কান্তি দাস, অসীম কুমার উকিল প্রমুখ।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সোমবার রাজধানীতে এক অনুষ্ঠানে ২০১০-১১ অর্থবছরের জন্য তার বাজেট প্রস্তাব উপস্থাপন করেন। জাতীয় বাজেট ঘোষণার আগে বিরোধী দলের নেতার পক্ষ থেকে এরকম বাজেট প্রস্তাব উপস্থাপন এই প্রথম।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আগামী ১০ জুন বিকালে জাতীয় সংসদে ২০১০-১১ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন। এটি হবে মহাজোট সরকারের দ্বিতীয় বাজেট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এজে/এইচএ/১৮৩০ ঘ.
bdnews24