ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) নির্বাচনের আগে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত দুই মেয়র পদপ্রার্থী বিতর্কে মুখোমুখি হচ্ছেন মঙ্গলবার। এ সময় ভোটারদের নানা প্রশ্নেরও জবাব দেবেন তারা।
নির্বাচন কমিশনের উদ্যোগে বিবিসি বাংলা আয়োজিত 'নির্বাচনী বিতর্কে' অংশ নিচ্ছেন এবিএম মহিউদ্দিন চৌধুরী এবং এম মনজুর আলম।
রোববার বিবিসি বাংলার সাংবাদিক ও অনুষ্ঠানটির প্রযোজক ওয়ালিউর রহমান মিরাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
চট্টগ্রামে মেয়র প্রার্থীদের নিয়ে বিবিসি'র বাংলাদেশ সংলাপের আদলে এই 'নির্বাচনী সংলাপ' অনুষ্ঠিত হবে সোম ও মঙ্গলবার।
বিতর্ক অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চূড়ান্ত হয়েছে উল্লেখ করে মিরাজ বলেন, "নির্বাচনী বিতর্কে অংশ নিতে প্রার্থীরা সম্মতি দিয়েছেন। প্রথম দিনে পাঁচজন প্রার্থী এবং পরের দিন বাকি তিনজন ভোটারের মুখোমুখি হবেন।"
দ্বিতীয়দিন মঙ্গলবার বিতর্কে অংশ নেবেন মহিউদ্দিন এবং মনজুর।
এবার মেয়র পদে আট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এরা হলেন- আওয়ামী লীগ সমর্থিত নাগরিক কমিটির প্রার্থী এবিএম মহিউদ্দিন চৌধুরী, বিএনপি সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী এম মনজুর আলম, স্বতন্ত্র সৈয়দ সাজ্জাদ জোহা, মোহাম্মদ ইব্রাহীম, জানে আলম, মোফাজ্জল হোসেন ভূঁইয়া ও রফিকুল আলম।
এছাড়া মহাজোটের অন্যতম শরীক জাতীয় পার্টি (এরশাদ) সমর্থিত মেয়র পদপ্রার্থী সোলায়মান আলম শেঠ নাগরিক কমিটির প্রার্থী মহিউদ্দিনের পক্ষে রোববার প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন।
ওয়ালিউর রহমান মিরাজ জানান, বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার রাত ৮ টা ৪০ মিনিট থেকে সরাসরি এই অনুষ্ঠান প্রচার করবে। অনুষ্ঠান চলবে ৭০ মিনিট।
ইতোমধ্যে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন ইস্যু নিয়ে কাজও করেছে বিবিসি বাংলা। এরই ভিত্তিতে চট্টগ্রামের সমস্যা নিয়ে ভোটারদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন প্রার্থীরা।
নির্বাচন কমিশনার এম. সাখাওয়াত হোসেন বলেন, আগের নির্বাচনী সংলাপে প্রার্থীরা ভোটারদের প্রশ্নের জবাব দিয়েছেন। এবার প্রতিদ্বন্দ্বীদের মধ্যে তর্ক করারও সুযোগ থাকছে। সেজন্য এটাকে সম্ভাব্য মেয়রদের নির্বাচনী বিতর্কই বলা হচ্ছে।
চট্টগ্রামের কে সি দে রোডের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এ অনুষ্ঠান হবে। এতে সিসিসি'র অন্তত দেড়শ' ভোটার উপস্থিত থেকে সরাসরি প্রশ্ন করার সুযোগ পাবেন।
নির্বাচনী এ বিতর্ক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নির্বাচন কমিশনার এম. সাখাওয়াত হোসেন, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক আবু জাফর সিদ্দিক, বিবিসি বাংলা বিভাগের প্রধান সাবির মোস্তফা। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করবেন বিবিসি'র মিথিলা ফারজানা।
২০০৮ সালের জুলাইয়ে চার সিটি কর্পোরেশনে (রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট) মেয়র প্রার্থীদের নিয়ে প্রথমবারের মতো নির্বাচনী সংলাপ আয়োজন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএএ/কেএমএস/১৭৫০ ঘ.
bdnews24