চট্টগ্রাম, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি) নির্বাচনে মেয়র প্রার্থীর এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান আবদুচ ছালামের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য শনিবার সিসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জেসমিন টুলী স্বাক্ষরিত একটি চিঠি ইসি সচিব বরাবর পাঠানো হয়েছে।
সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানিয়েছেন।
চউক চেয়ারম্যান ছালাম গত শুক্রবার বিকালে নগরীর মোহরা এলাকায় আওয়ামী লীগ সমর্থিত নাগরিক কমিটির প্রার্থী মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। পরদিন এ সংক্রান্ত সচিত্র প্রতিবেদন বিভিন্ন দৈনিকে প্রকাশিত হয়।
রিটার্নিং কর্মকর্তা ফরহাদ বলেন, "আমরা পত্রিকায় প্রকাশিত ছবি ও সংবাদ এবং নিজস্ব সূত্রে নির্বাচনী প্রচারণায় চউক চেয়ারম্যানের অংশ নেওয়ার বিষয়টি জানতে পেরেছি।"
তিনি জানান, নির্বাচনী আচরণ বিধিমালার ৬ (১৪) ধারা মোতাবেক কোনো সরকারি কর্মকর্তা নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ বা নির্বাচনী কার্যক্রমে হস্তক্ষেপ করতে পারবেন না। তাই চউক চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রিটার্নিং কর্মকর্তা স্বাক্ষরিত চিঠি ইসি সচিব বরাবর পাঠানো হয়েছে। ওই চিঠির একটি অনুলিপি চউক চেয়ারম্যান বরাবরও পাঠানো হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এজে/১১০৯ ঘ.
bdnews24