২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দোলনে নিজামীকেও পাচ্ছেন খালেদা

সরকার বিরোধী আন্দোলনে বিএনপির সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিয়েছে জামায়াতে ইসলামী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2010, 04:38 PM

Updated : 25 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার বিরোধী আন্দোলনে বিএনপির সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিয়েছে জামায়াতে ইসলামী। শনিবার রাতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের পর দলটির আমির মতিউর রহমান নিজামী সাংবাদিকদের এ কথা বলেন। তবে ২৭ জুনের হরতাল কর্মসূচির বিষয়ে জামায়াত রোববার নির্বাহী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন দলের সহকারি সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান। বৈঠকের পর নিজামী বলেন, ''আন্দোলনের কোনো বিকল্প নেই। বিএনপি এক্ষেত্রে যে আন্দোলনের ডাক দিয়েছে তাকে ইতিবাচক মনে করি।'' বৈঠকে উপস্থিত জামায়াতের নয় সদস্যের দলের অন্যতম মুহাম্মদ কামারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,'' আন্দোলন এখন সময়ের দাবি। বিএনপির ডাকা আন্দোলনকে আমরা ইতিবাচকভাবে দেখছি। আমরা দুই দলই আন্দোলনের বিষয়ে একমত হয়েছি।'' রাত পৌনে নয়টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জামায়াত নেতাদের সঙ্গে খালেদা জিয়া বৈঠকে বসেন। রাত ১০ টা ৫ মিনিটে বৈঠকটি শেষ হয়। বৈঠকে জামায়াতের ৯ সদস্যের দলের নেতৃত্ব দেন দলটির মতিউর রহমান নিজামী। প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ছিলেন- সক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদ, নায়েবে আমির মকবুল আহমেদ, দেলাওয়ার হোসাইন সাঈদী, আবদুস সুবহান, সহকারি সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান, আবদুল কাদের মোল্লা, এ টি এম আজহারুল ইসলাম, আবদুর রাজ্জাক। বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনও বৈঠকে ছিলেন। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম সংসদ নির্বাচনের আগে ১০ ডিসেম্বর জামায়াতের সর্বোচ্চ নীতি নির্ধারকদের সঙ্গে খালেদা জিয়ার সর্বশেষ আনুষ্ঠানিক বৈঠক হয়। নির্বাচনের পর জামায়াতের শীর্ষ নেতাদের সঙ্গে আনুষ্ঠানিক কোনো বৈঠক হয়নি তার। আন্দোলন কর্মসূচির পক্ষে সমর্থন নিতে খালেদা জিয়া গত ২৭ মে চারদলীয় জোটভুক্ত ও সমর্থিত দল এবং পেশাজীবী সংগঠনগুলোর সঙ্গে বৈঠকের কর্মসূচি শুরু করেন। প্রথম দিন তিনি মুফতি ফজলুল হক আমিনীর নেতৃত্বাধীন ইসলামী ঐক্যজোট ও আন্দালিব রহমান পার্থর নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) নেতাদের সঙ্গে বৈঠক করেন। এরপর গত এক সপ্তাহে খেলাফত মজলিশ, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টি (এনডিপি) সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের সঙ্গে বৈঠক করেন বিরোধী দলীয় নেত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএনএ/২২৩৫ ঘ.