২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে ভাবতে হবে: হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে চিন্তা-ভাবনার ওপর গুরুত্ব আরোপ করে বলেছেন, দেশের বিশাল জনসংখ্যা বোঝা নয়, সম্পদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2010, 01:51 PM

Updated : 25 Aug 2022, 11:33 AM

ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে চিন্তা-ভাবনার ওপর গুরুত্ব আরোপ করে বলেছেন, দেশের বিশাল জনসংখ্যা বোঝা নয়, সম্পদ। তিনি বলেন, "দেশের মানুষকে আমি বোঝা মনে করি না। বাংলাদেশে জনসংখ্যার বিস্ফোরণ হয়েছে তাও আমি মনে করি না। এখন পৃথিবীতে কর্মক্ষম মানুষের সংখ্যা কমে যাচ্ছে। আমরা কতদূর জনসংখ্যা নিয়ন্ত্রণ করবো তা আমাদের ভাবতে হবে। আমরা আমাদের ছেলে-মেয়েদের শিক্ষিত করবো, সারা বিশ্বে ছড়িয়ে দেবো।" জাতীয় সংসদের বুধবারের অধিবেশনে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে খান টিপু সুলতানের এক সম্পূরক প্রশ্নের জবাবে শেখ হাসিনা এসব কথা বলেন। গাজী গোলাম দস্তগীরের অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, সরকারের নেওয়া কর্মসূচী 'ভিশন-২০২১' এর আলোকে জাতীয় শ্রমনীতি প্রণয়ন করা হচ্ছে। শ্রমনীতিতে পুরুষ ও মহিলা শ্রমিকদের মধ্যে কোনো বৈষম্য থাকবে না এবং বিদেশে কর্মরত শ্রমিকদের কল্যাণের বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে। শ্রমিকদের জন্য মজুরি কমিশন গঠন করা হবে কিনা প্রধানমন্ত্রীর কাছে জানতে চান রাশেদ খান মেনন। এর জবাবে শেখ হাসিনা বলেন, "শ্রমিকদের জন্য মজুরি কমিশন গঠন করা হয়েছে। সবার সঙ্গে আলোচনা করেই তা বাস্তবায়ন করা হবে।" হাসানুল হক ইনুর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, এই সরকার কৃষিবান্ধব সরকার। কৃষি শ্রমিকদের যাতে কোনো সমস্যা না হয়, সেজন্য সরকার যথেষ্ট সচেতন রয়েছে। হাওড় অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। জুনায়েদ আহমেদ পলকের আরেক প্রশ্নের জবাবে সরকার প্রধান বলেন, "নতুন শিক্ষা নীতিতে ধর্মীয় শিক্ষার ব্যবস্থা রাখা হয়েছে। মসজিদ ভিত্তিক পাঠাগার নির্মাণের কাজ চলমান। আমরা মসজিদ ভিত্তিক প্রাথমিক শিক্ষার আরো কর্মসূচি গ্রহণ করছি।" গাজী গোলাম দস্তগীরের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, তৈরী শোষাক শিল্পের শ্রমিকদের প্রতি মালিকদের আরো সহানুভূতিশীল হওয়া দরকার। শ্রমিকরা তাদের শ্রমের যথাযথ মূল্য পাচ্ছে কিনা তাও মালিকদের দেখতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেআরসি/এইচএ/১৯৩০ ঘ.