চট্টগ্রাম, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গণসংযোগে মানুষের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন বলে দাবি করেছেন নগর সংস্থার নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
নাগরিক কমিটির প্রার্থী বলেন, "আমি নাগরিক প্রার্থী। সব দলের লোকই আমাকে ভোট দেবে।"
মঙ্গলবার দুপুরে গণসংযোগ শেষে নাগরিক কমিটির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মহিউদ্দিন এ কথা বলেন।
বিএনপি সমর্থিত প্রার্থীকে জামায়াতসহ ১০ দলের সমর্থন করার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "এতে ভীত হওয়ার কোনো কারণ নেই। আমি নাগরিকের জন্য কাজ করি এবং ভবিষ্যতেও করে যাবো।
"সব দলের লোকই আমাকে পছন্দ করে। তারা নির্বাচনে আমাকে ভোট দেবে বলে আমি বিশ্বাস করি।"
ক্ষমতাসীন মহাজোটের শরিক জাতীয় পার্টি সমর্থিত সোলায়মান আলম শেঠ মেয়র পদে তার প্রাির্থতা প্রত্যাহার না করার বিষয়ে জানতে চাইলে মহিউদ্দিন এটি কেন্দ্রর বিষয় বলে এড়িয়ে যান।
তিনি সকাল থেকে বিকাল পর্যন্ত নগরীর ঈদগাঁও ওয়াপদা কলোনি, উত্তর কাট্টলি, দক্ষিণ পতেঙ্গা, দক্ষিণ আগ্রাবাদ এলাকায় গণসংযোগ করেন এবং কয়েকটি পথসভায় বক্তব্য রাখেন।
এ সময় তার সঙ্গে নাগরিক কমিটি, মহানগর আওয়ামী লীগ ও ১৪ দলের নেতারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/২০৫৫ ঘ.
bdnews24