রাজশাহী, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী কলেজের মুসলিম হোস্টেলে সোমবার রাতে মহড়া দিয়েছে ছাত্র শিবির নেতা-কর্মীরা। পরে তল্লাশি চালিয়ে শিবিরের এক কর্মীকে আটক করেছে পুলিশ।
এ ঘটনার পর ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শিক্ষার্থীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে ছাত্র শিবিরের ৪০-৫০ জনের একটি দল হোস্টেলে বিভিন্ন স্লোগান দিয়ে ছাত্রলীগ নেতা-কর্মীদের খুঁজতে থাকে। আতঙ্কিত ছাত্ররা পুলিশকে জানালে পুলিশ আসার আগেই তারা চলে যায়।
পুলিশ জানিয়েছে, হোস্টেলের এ-ব্লকের পাঁচ নম্বর কক্ষ থেকে কলেজ ছাত্র ও শিবির কর্মী মামুনুর রশিদকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে সত্যায়িত করার কাজে ব্যবহৃত কিছু সিল ও প্যাড উদ্ধার করা হয়।
বোয়ালিয়া মডেল থানার ওসি জসিম উদ্দিন সাংবাবিকদের জানান, খবর পেয়েই পুলিশ ক্যাম্পাসে পৌঁছে মুসলিম হোস্টেলে তল্লাশি চালায়। এসময় মামুনকে আটক করা হয়। তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১০৩৮ ঘ.
bdnews24