ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে মঙ্গলবার যৌথ সভায় বসছে ক্ষমতাসীন মহাজোটের শরিকরা।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সন্ধ্যা ৭টায় শুরু হতে যাওয়া এ সভায় দেশের বর্তমান আর্থ-সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।
এতে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, মহাজোট নেতৃবৃন্দ ও সংসদীয় দল অংশ নেবে।
এ যৌথ সভাকে 'ইতিবাচক' হিসাবে দেখছে মহাজোটের শরিক দলগুলো।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি মাহাবুব-উল-আলম হানিফ সোমবার জানিয়েছেন, এ ধরনের বৈঠক এর আগে আর হয়নি।
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন যৌথ সভাকে 'ইতিবাচক' অখ্যায়িত করে বলেছেন, "সব সিদ্ধান্ত এক সঙ্গে নেওয়ার কথা আমরা সব সময়ই বলে এসেছি। আমরা চাই, এই রকম বৈঠকের মধ্য দিয়ে সব সিদ্ধান্ত নেওয়া হোক।"
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ যৌথ সভাকে স্বাগত জানিয়ে বলেছেন, "এই রকম বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হলে মহাজোটের জন্য ভালো। এই সরকারের সাফল্য অনেক আছে। তবে, সমস্যাও কিছু রয়েছে।
"বিদ্যুতের সমস্যা রয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতিও ততোটা ভালো না। এই রকম বৈঠক থেকে সমস্যাগুলো সমাধানের উপায় বের করা গেলে, তা মহাজোটের জন্যই ভালো হবে।"
কেন্দ্রিয় কার্যনির্বাহী সংসদের বৈঠক নিয়মিত হলেও জাতীয় সম্মেলনের পর গত মঙ্গলবার আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপদেষ্টারা মহাজোটকে আরো শক্তিশালী করার জন্য শেখ হাসিনাকে তাগিদ দেন। আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সম্মেলন করার জন্যও তাগিদ দেন তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেএমএস/এজে/০৯৫৭ ঘ.
bdnews24