ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের যুদ্ধাপরাধ বিচারে বর্তমান সরকারের উদ্যোগ 'বাতাসে উড়ে যাবে' বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ।
সোমবার দুপুরে মগবাজরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "যুদ্ধাপরাধ বিচার একটি মিথ্যাচার। একে আমরা গুরুত্ব দেইনা। এটা বাতাসে উড়ে যাবে ইনশাল্লাহ্।"
স্বাধীনতা যুদ্ধে প্রত্যক্ষ বিরোধিতাকারী দলটির নেতা মুজাহিদ সাংবাদিকদের বলেন, যুদ্ধাপরাধ বিচারের ইস্যুতে জনগণের কোনো সমর্থন নেই। এটি দেশি-বিদেশিদের নিয়ে আওয়ামী লীগের ষড়যন্ত্র ছাড়া কিছু নয়।
যুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীর অন্যতম দোসর আল-বদর বাহিনীর নেতা মুজাহিদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আছে।
যুদ্ধাপরাধের বিচার নিয়ে বাজেটে অর্থ বরাদ্দের বিষয়ে জামায়াতের প্রতিক্রিয়া জানতে চাইলে মুজাহিদ জানান, তার দল এই উদ্যোগকে হিসাব করে না; গুরুত্বও দেয় না।
ঢাকায় ভারতীয় হাইকমিশনে সেদেশের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে তিনি বলেন, দেশে এভাবে বিদেশি সৈন্য আনার ষড়যন্ত্র চলছে। এটা আধিপত্যবাদের একটি পরিকল্পিত ষড়যন্ত্র। এর মাধ্যমে দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায় তারা।
চারদলীয় জোটের অবস্থা জানতে চাইলে মুজাহিদ বলেন, "এ সরকারের বিরুদ্ধে কেবল বিএনপি-জামায়াত জোট বদ্ধ নয়, গোটা জাতিই ঐক্যবদ্ধ হয়ে যাবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/জিএনএ/১৬২২ ঘ.
bdnews24