২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরো ৬ দলের সঙ্গে খালেদার বৈঠক

আন্দোলন ও কর্মসূচিতে সমর্থন নিতে শরিক ও পেশাজীবীদের সঙ্গে বৈঠকের অংশ হিসেবে শনিবার রাতে আরো ৬ টি দলের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2010, 06:52 PM

Updated : 25 Aug 2022, 11:19 AM

ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্দোলন ও কর্মসূচিতে সমর্থন নিতে শরিক ও পেশাজীবীদের সঙ্গে বৈঠকের অংশ হিসেবে শনিবার রাতে আরো ৬ টি দলের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। গুলশানের কার্যালয়ে এই বৈঠক শুরু হয় রাত ৯ টায়। প্রথমে ৫ টি দল একসঙ্গে বৈঠকে বসে। রাত ১০ টার পর খেলাফত মজলিশের সঙ্গে পৃথকভাবে বৈঠক হয়। খেলাফত মজলিশ ছাড়া বাকী দলগুলো হচ্ছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) ও মুসলিম লীগ। চার দলীয় জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠকে হবে ৫ জুন। ইতিমধ্যে অপর দুই শরিক বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও ইসলামী ঐক্যজোটের সঙ্গে বৃহস্পতিবার বৈঠক হয়ে গেছে। খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''একই মত ও সমমনা রাজনৈতিক দল ও পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করার অংশ হিসেবে খালেদা জিয়া এসব বৈঠক করছেন। এই বৈঠকে হরতাল কর্মসূচি সফল করার বিষয়ে আলোচনা হয়। তিনি আরও জানান, জামায়াতে ইসলামীর সঙ্গে ৫ জুন বৈঠক হবে। ৫টি দলের বৈঠকের পর ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''আমরা ২৭ জুনের হরতাল কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছি।'' জাগপা সভাপতি শফিউল আলম প্রধান বলেন, "আমরা সরকারের বিরুদ্ধে খালেদা জিয়ার নেতৃত্বে সব আন্দোলনের সঙ্গে থাকার অঙ্গীকারের কথা ব্যক্ত করেছি। খেলাফত মজলিশের মহাসচিব আহমেদ আবদুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার দল হরতালসহ বিএনপির আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছে। খেলাফত মজলিশের ১০ সদস্যের প্রতিনিধিদল বৈঠকে যোগ দেয়। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মাওলানা মোহাম্মদ ইছহাক। গত বৃহস্পতিবার চার দলীয় অন্যতম দুই শরিক বিজেপি ও ইসলামী ঐক্যজোটের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে বিএনপির এই কর্মসূচি শুরু হয়। ওই বৈঠকে বিজেপি ও ইসলামী ঐক্যজোটের শীর্ষ নেতা যথাক্রমে আন্দালিব রহমান ও মুফতি ফজলুল হক আমিনি সরকার বিরোধী আন্দোলন ও হরতাল কর্মসূচিতে খালেদা জিয়াকে সমর্থন দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/০০১১ ঘ.