বগুড়া, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে সভা করতে না দেওয়ায় ইউএনওকে লাঞ্ছিত করার অভিযোগে থানায় একটি মামলা হয়েছে।
শুক্রবার গভীর রাতে শাজাহানপুর থানায় মামলাটি করেন পুলিশের উপ-পরিদর্শক প্রীতিশ চন্দ্র সাহা।
মামলায় আট জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো তিনশ' জনকে আসামি করা হয়।
গ্রেপ্তারে সুবিধার জন্য আসামিদের নাম প্রকাশ করছে না বলে পুলিশ জানিয়েছে।
শাজাহানপুর থানার ওসি আনিছুর রহমান বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তারের ভয়ে এলাকার জামায়াত-শিবির নেতারা গা ঢাকা দিয়েছেন বলেও তিনি জানান।
শুক্রবার দুপুর সাড়ে ১২টায় শাহজাহানপুর উপজেলার শাজাপুর ফুলতলা ফাজিল মাদ্রাসা মাঠে জামায়াতের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান ফকিরের মৃত্যুবার্ষিকীর এক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। এ সময় তার হাত থেকে মাইক্রোফোন নিয়ে নেন ইউএনও দেওয়ান আব্দুস সামাদ। পরে পুলিশের সহায়তায় তাকে মঞ্চ থেকে নামিয়ে দেন ইউএনও।
এ সময় জামায়াত সমর্থকরা ইউএনও ও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ও জুতা মারে। পরে পুলিশ ইউএনওকে ওখান থেকে সরিয়ে নেয়।
ওসি আনিছুর রহমান আরো বলেন, মুজাহিদ ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হবেন তা জামায়াত নেতারা গোপন রেখেছিলেন। প্রশাসনের অনুমতি ছাড়াই মুজাহিদ সেখানে সমাবেশ করার চেষ্টা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৩৩ ঘ.
bdnews24