ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশনের একটি অনুষ্ঠানে জামায়াতে ইসলামী নেতাদের উপস্থিতি নিয়ে অস্বস্তিতে পড়েন আইনমন্ত্রী শফিক আহমেদসহ কয়েকটি রাজনৈতিক দলের নেতা।
আপত্তি থাকলেও প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) অনুরোধে তাকে অনুষ্ঠানে অংশ নিতে হয় বলে আইনমন্ত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
মন্ত্রী ওই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) দুই শীর্ষ নেতা বলেছেন, জামায়াত নেতারা থাকবেন জানলে তারা অনুষ্ঠানে যেতেন না।
শনিবার র্যাডিসন হোটেলের ওই অনুষ্ঠানে ছিলেন না আওয়ামী লীগ ও বিএনপির কোনো প্রতিনিধি।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর নির্বাচন কমিশনের প্রধানদের নিয়ে ইসি ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি দুই দিনব্যাপী সভা আয়োজন করে। সভার উদ্বোধনী অনুষ্ঠানে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়।
জামায়াতে ইসলামী ইসির নিবন্ধিত দলগুলোর একটি হলেও একাত্তরে তারা স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ব্যাপক সমালোচিত।
দলটির বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে একাত্তরে মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগও রয়েছে, যার বিচার প্রক্রিয়া শুরুর জন্য ইতিমধ্যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।
আইন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অনুষ্ঠানস্থলে জামায়াত নেতাদের দেখে আমি উনাকে (মন্ত্রী) টেলিফোনে জানাই। তখন প্রথমে গাড়ি ঘুরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। পরে সিইসির সঙ্গে কথা বলেন।"
এ বিষয়ে মন্ত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হ্যাঁ, জামায়াত নেতাদের উপস্থিতির খবর পেয়ে আমি না আসার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু অনেক বিদেশি অতিথি আছেন, সিইসি অনুরোধ করলেন, তাই আসতে হলো।"
অনুষ্ঠানে মন্ত্রীর সঙ্গে সভামঞ্চে ছিলেন সিইসি, দুই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন প্রিজনার।
আমন্ত্রিত অতিথির সারিতে ডানে বসেন জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, বিচারপতি সুলতান হোসেন খানসহ অনেকে।
মাঝের সারিতে ছিলেন বিভিন্ন দেশের সিইসি ও তাদের সচিবরা।
বাম সারিতে বসেন মহাজোট শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সিপিবি সভাপতি মনজুরুল আহসান খান, অধ্যাপক মোজাফফর আহমদ, লেখক-সাংবাদিক সৈয়দ আবুল মকসুদসহ অন্যরা।
সংসদ সদস্য মেনন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি আসার পর ওদের (জামায়াত নেতা) সঙ্গে বসিনি। আলাদাভাবে বসেছি।"
"জামায়াতকে আমন্ত্রণ করা হবে জানলে আসতাম না", বলেন সিপিবি সভাপতি মনজুরুল।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নিজামী-মুজাহিদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আছে। পঞ্চম সংশোধনী বাতিল হলে দলটির নিবন্ধনও বাতিল হয়ে যাবে।"
আবুল মকসুদ বলেন, "আমি ব্যক্তিগতভাবে ওদের (জামায়াত) সঙ্গে মেলামেশা করি না। এ জন্য নির্ধারিত আসনে না বসে পৃথকভাবে বসেছি।"
তবে তিনি একইসঙ্গে বলেন, রাজনৈতিক দল হিসেবে জামায়াতকে আমন্ত্রণ জানাতেই পারে ইসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১২৪০ ঘ.
bdnews24