চট্টগ্রাম, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে (সিসিসি) নাগরিক কমিটির মেয়র প্রার্থী এবিএম মহিউদ্দিন চৌধুরী শুক্রবার থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন।
দুপুরে হজরত শাহ আমানতের মাজার জেয়ারতের মধ্য দিয়ে তার প্রচারণা শুরু হয়।
এদিকে বিএনপি সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের মেয়র প্রার্থী এম মঞ্জুর আলমও নগরীর হজরত শাহ আমানত ও বদর শাহ আউলিয়ার মাজার জেয়ারতের মধ্য দিয়ে বিকালে নির্বাচনী প্রচারণা শুরু করেন। তিনি মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন ও দোয়া চান।
এরপর মঞ্জুর ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ডের স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আনুষ্ঠানিক প্রচারণা শুরুর ঘোষণা দেন। নির্বাচনে সবাইকে কঠোর পরিশ্রম করার আহবান জানান তিনি।
আগামী ১৭ জুন চট্টগ্রাম সিটি নির্বাচনের ভোটগ্রহণ হবে। ২৭ মে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১ জুন।
দুপুরে জুমা'র নামাজ শেষে মাজার জিয়ারত এবং উপস্থিত মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মহিউদ্দিন তার পক্ষে ভোট ও দোয়া চান। তবে তিনি কোনো ধরনের আনুষ্ঠানিক বক্তব্য দেননি।
এসময় তার সঙ্গে ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম এ রশিদ, বদিউল আলম, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারীসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের কয়েকশ' নেতা-কর্মী।
এর আগে মহিউদ্দিন চৌধুরী সকালে নগরীর ১৭ নম্বর বাকলিয়া ওয়ার্ডে এক দলীয় বৈঠকে অংশ নেন। বিকালে নগরীর শুলকবহর, চকবাজার, চন্দ্রনগর, ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ডের হাজারি গলিতে নাগরিক কমিটি ও দলীয় বৈঠকে অংশ নিয়ে চট্টগ্রামের উন্নয়নের জন্য চতুর্থবারের মতো তাকে জয়ী করার আহবান জানান।
মেয়র নির্বাচনে দলীয় কোন্দল প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মহিউদ্দিন বলেন,
মেয়র নির্বাচন নিয়ে দলীয় প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর দ্বন্দ্ব কেটে গেছে বলে তিনি দাবি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/১৯২৮ ঘ.
bdnews24