ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় পর চারদলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নিচ্ছে। এরপরই মুফতি ফজলুল হক আমিনীর নেতৃত্বে অপর শরিক ইসলামী ঐক্যজোটের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসবেন খালেদা জিয়া।
বিএনপি'র ২৭ জুনের হরতাল কর্মসূচি ও আন্দোলনকে সামনে রেখে শরিক ও সমমনা রাজনৈতিক দল, পেশাজীবীদের সঙ্গে মতবিনিময়ের অংশ হিসেবে এই বৈঠক হচ্ছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান।
শনিবার ন্যাশনাল পিপলস পার্টি, ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স ও খেলাফত মজলিশের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে খালেদা জিয়ার।
২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচন পর চারদলীয় শরিকদের সঙ্গে বিএনপির এটিই প্রথম আনুষ্ঠানিক বৈঠক। সর্বশেষ ২০০৮ সালের ডিসেম্বরের প্রথম দিকে খালেদা জিয়া জামায়াতে ইসলামী, ইসলামী ঐক্যজোট ও বিজেপি'র সঙ্গে বৈঠক করেছিলেন।
এর আগে বিকালে পার্থ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটককে বলেন, "নির্বাচনের পর এটিই আমাদের দলের সঙ্গে বিএনপি'র প্রথম আনুষ্ঠানিক বৈঠক।"
বৈঠকে নয় সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তিনি।
ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া আমাদের ডেকেছেন। আমরা মুফতি ফজলুল হক আমিনির নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল যাবো।"
নেজামী জানান, নবম সংসদ নির্বাচনের পর এটি ইসলামী ঐক্যজোটের সঙ্গে বিএনপির প্রথম বৈঠক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/এইচএ/২১৪৯ ঘ.
bdnews24