২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগ গণতন্ত্রকে 'নিয়ন্ত্রণ' করছে: মওদুদ

ক্ষমতাসীন আওয়ামী লীগ গণতন্ত্রকে 'নিয়ন্ত্রণ' করছে বলে অভিযোগ তুলেছেন সংসদে প্রধান বিরোধী দল বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2010, 12:05 PM

Updated : 25 Aug 2022, 11:16 AM

ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ 'নিয়ন্ত্রিত গণতন্ত্রের' মাধ্যমে দেশ চালাচ্ছে বলে অভিযোগ করেছেন মওদুদ আহমেদ। বৃহস্পতিবার বিকালে এক আলোচনা সভায় একথা বলেন সংসদে প্রধান বিরোধী দল বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য। বিএনপি'র ডাকা ২৭ জুনের হরতাল কর্মসূচিতে সরকার বিচলিত হয়ে পড়েছে বলে মন্তব্য করেন মওদুদ। ওই কর্মসূচিকে সরকারের জন্য সর্তক সঙ্কেত হিসেবেও অভিহিত করেন তিনি। সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সম্মেলন কক্ষে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে 'রাষ্ট্রনায়ক জিয়ার রাজনৈতিক দর্শন ও আজকের প্রেক্ষাপট' শিরোনামের এ আলোচনা সভা আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। আগামী ৩০ মে জিয়াউর রহমানের ২৯তম মৃত্যুবার্ষিকী। 'বর্তমান সরকারের শাসন ব্যবস্থা এক দলীয়' অভিযোগ করে মওদুদ বলেন, "তারা জাতীয় সংসদ অকার্যকর করে রেখেছে। দেশের বিচার বিভাগ, প্রশাসন সব কিছুই নিয়ন্ত্রিতভাবে চলছে। "১৯৭৪ সালে সংবিধান সংশোধন করে তারা একদলীয় বাকশাল শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলো। আজ তারা অনানুষ্ঠানিকভাবে 'নিয়ন্ত্রিত গণতন্ত্রের' মাধ্যমে দেশ পরিচালনা করছে। তাদের এই চেষ্টা জনগণ চুরমার করে দেবে।" হরতাল প্রসঙ্গে তিনি গত চারদলীয় জোট সরকারের আমলে বিরোধী দল আওয়ামী লীগের হরতাল কর্মসূচির কথা মনে করিয়ে দেন। মওদুদ বলেন, "চারদলীয় জোট সরকারের পাঁচ বছরে আওয়ামী লীগ একশ ৩০টি হরতাল করেছিলো। প্রথম দেড় বছরে করেছে ১৬ বার। সেখানে আমরা মাত্র একবার হরতাল ডেকেছি।" এক হরতাল কর্মসূচিতেই সরকার বিচলিত হয়ে পড়েছে বলে দাবি করেন তিনি। তিনি বলেন, "তারা যত বেশি এই কর্মসূচি প্রতিহত করার কথা বলবে, ততই হরতাল কর্মসূচি সফল হবে।" জাগপার সভাপতি শফিউল আলম প্রধানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল এম কামারুজ্জামান, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) মহাসচিব শামীম আল মামুন, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, জাগপার সহ-সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধান, মহিউদ্দিন বাবলু, এ কে এম আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান প্রমুখ বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৮০২ ঘ.