চট্টগ্রাম, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এম মঞ্জুর আলম দাবি করেছেন, নির্বাচনে জয় পেতে চট্টগ্রাম বিএনপি তার পেছনে একাট্টা।
বিএনপিকে দুর্বল করতে দ্বন্দ্বের গুজব ছড়ানো হচ্ছে, বলেছেন তিনি।
শনিবার বিকালে নগরীর নাসিমন ভবনে উত্তর জেলা বিএনপি কার্যালয়ে বিএনপির কার্যনির্বাহী কমিটির সভায় যোগ দেন মঞ্জু।
উত্তর জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বলেন, মেয়র নির্বাচনে মঞ্জুর আলমের মনোনয়ন নিয়ে কোনো দ্বিমত নেই।
আগামী ১৭ জুন অনুষ্ঠেয় নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার এখনো শুরু হয়নি। প্রার্থীরা ব্যক্তিগতভাবে বিভিন্ন স্থানে যাচ্ছেন।
মেয়র পদে চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী মঞ্জুকে সমর্থন দিয়েছে বিএনপি। ওয়ার্ড কাউন্সিলর মঞ্জু এক সময় বিএনপির প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগে যুক্ত ছিলেন। গত সংসদ নির্বাচনে চট্টগ্রামের একটি আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে তৃতীয় হন তিনি।
তাকে সমর্থন দেওয়ায় চট্টগ্রাম মহানগর বিএনপির একটি অংশ প্রথমে ক্ষোভও প্রকাশ করে। তবে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় মঞ্জুর সঙ্গে ছিলেন বিএনপির জেলা ও মহানগরের নেতারা।
বিএনপির সভায় মঞ্জু বলেন, "দ্বন্দ্বের গুজব ছড়ানো হচ্ছে। এসব সত্য নয়। খালেদা জিয়া আমাকে সমর্থন দিয়েছেন। বিএনপি'র স্থানীয় পর্যায়ে আমাকে সমর্থন করা নিয়ে কোনো দ্বন্দ্বের অবকাশ নেই।"
এবার বিএনপির মেয়র প্রার্থী হিসেবে কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ আল নোমান, মহানগর সহসভাপতি দস্তগীর চৌধুরী এবং সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের নাম আলোচনায় ছিলো।
মঞ্জু বলেন, "আমি দস্তগীর সাহেবের কাছে গিয়েছি, উনি আমাকে আন্তরিকভাবে গ্রহণ করেছেন। নোমান সাহেবও কথা দিয়েছেন উনি আমাকে সহযোগিতা করবেন।"
"সবাই ইমান নিয়ে কাজ করলে জয়ী হবো", বলেন তিনি।
নির্বাচনে মঞ্জুর মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে ধরা হচ্ছে আওয়ামী লীগের এবিএম মহিউদ্দিন চৌধুরীকে। তিনবার জয়ের পর চতুর্থবার প্রার্থী হয়েছেন তিনি।
গিয়াস কাদের বলেন, "আমরা মহিউদ্দিন চৌধুরীকে ভালোভাবে চিনি। তিনি দুষ্ট লোক। তিনি যেখানে সেখানে কেঁদে দেন আর অপ্রয়োজনে মানুষের পায়ে ধরে সালাম করেন।"
মঞ্জুর পক্ষে উত্তর জেলা বিএনপির ৩০০ স্বেচ্ছাসেবক সার্বক্ষণিক কাজ করবে বলে গিয়াস জানান।
সভায় উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী, সহ-সভাপতি এসএম ফজলুল হক, বিএনপি নেতা মহিউদ্দিন আহম্মেদ, হাসান চৌধুরী, ইসহাক কাদের চৌধুরী উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/এমআই/১৯৪৫ ঘ.
bdnews24