২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে রোববার হরতাল ডেকেছে বিএনপি

বুড়িগঙ্গা থেকে উদ্ধার হওয়া লাশ যুবদল নেতার দাবি করে এবং তাকে হত্যার প্রতিবাদে রোববার জেলায় হরতাল ডেকেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2010, 04:37 PM

Updated : 25 Aug 2022, 10:45 AM

মুন্সীগঞ্জ, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বুড়িগঙ্গা থেকে উদ্ধার হওয়া লাশ যুবদল নেতার দাবি করে এবং তাকে হত্যার প্রতিবাদে রোববার জেলায় হরতাল ডেকেছে বিএনপি। সকাল-সন্ধ্যা এই হরতালের সমর্থনে শুক্রবার সন্ধ্যায় মুন্সীগঞ্জ সদর উপজেলা ও মীর কাদিম পৌরসভায় বিএনপি পৃথক দু'টি মিছিল করে। বুধবার পল্টন ময়দানে বিএনপির বিভাগীয় মহাসমাবেশে আসার পথে মুন্সীগঞ্জের মীর কাদিম পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন সদরঘাট এলাকায় বুড়িগঙ্গায় ডুবে যান। বৃহস্পতিবার তার লাশ পাওয়া যায়। জেলা বিএনপি সভাপতি আব্দুল হাই সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহাসমাবেশে যাওয়ার পথে আওয়ামী লীগ সমর্থকদের হামলায় আকবর হোসেন নদীতে ডুবে যান। এর প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে পুরো জেলায় হরতাল ডাকা হয়েছে। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে শনিবার জেলা সদর ও মাওয়ায় বিক্ষোভ-সমাবেশ করা হবে বলেও তিনি জানান। হরতালের সমর্থনে সন্ধ্যায় মীর কাদিম পৌরসভায় মিছিলে নেতৃত্ব দেন পৌর বিএনপি সভাপতি জসিমউদ্দিন আহম্মেদ। মিছিলটি রিকাবীবাজার থেকে শুরু হয়ে মীর কাদিম বাজারে এসে শেষ হয়। সদর উপজেলা বিএনপিও আরেকটি মিছিল করে। উপজেলা সভাপতি মহিউদ্দিনের নেতৃত্বে মিছিলটি মুক্তারপুর থেকে শুরু হয়ে সিপাইপাড়া এসে শেষ হয়। মিছিলে যুবদল নেতা আকবরের হত্যাকারীদের গ্রেপ্তার দাবি করা হয়। রোববারের হরতাল সফল করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়। এর আগে বৃহস্পতিবার জেলা যুবদল সভাপতি মনিরুজ্জামান মনির অভিযোগ করেন, সমাবেশে যোগ দিতে লঞ্চে তারা সদরঘাট পৌঁছার পর লঞ্চ টার্মিনাল পার হওয়ার সময় শ্রমিক লীগের সন্ত্রাসীরা পেছন থেকে রামদা ও গজারি লাঠি নিয়ে তাদের ওপর হামলা চালায়। তাদের পরনে লাল পোশাক ছিলো। নিহত আকবর মুন্সীগঞ্জের মীর কাদিম পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক বলে জানান তিনি। এ অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের জেলা প্রচার সম্পাদক কামাল উদ্দিন আহমেদ বলেন, আকবর হোসেন আওয়ামী লীগের হামলায় পানিতে পড়েনি। এছাড়া তিনি সমাবেশে যাচ্ছিলেন একথাও ঠিক নয় বলে ওই আওয়ামী লীগ নেতা দাবি করেন। মুন্সীগঞ্জ সদর থানার ওসি শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার বিএনপি জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বলে তারা শুনেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এইচএ/২২৩৫ ঘ.