ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পল্টনের সমাবেশে বাধা আসছে বলে আবার অভিযোগ করেছে প্রধান বিরোধী দল বিএনপি। এ জন্য ক্ষমতাসীন দলকেই অভিযুক্ত করছে তারা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান মঙ্গলবার এক সংবাদ ব্রিফিংয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। বুধবারের সমাবেশের প্রস্তুতি শেষ হয়েছে বলেও জানান তিনি।
বিভিন্ন বিভাগীয় শহরে জনসভার পর পল্টন ময়দানে মহাসমাবেশ করছে বিএনপি। ওই সভা থেকে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার সরকারবিরোধী আন্দোলন কর্মসূচি ঘোষণা করার কথা।
নজরুল বলেন, "মহাসমাবেশের প্রচার চালাতে গিয়ে আমাদের নেতা-কর্মীরা বিভিন্ন স্থানে বাধার সম্মুখীন হচ্ছেন। পোস্টার লাগাতে গিয়ে গতকাল (সোমবার) কামরাঙ্গীরচর ও টঙ্গীতে বাধা পেয়েছেন তারা। সিটি কর্পোরেশনকে ভাড়া দেওয়ার পর বিভিন্ন স্থানে তোরণ নির্মাণ করতে বাধা আসছে।
"বিভিন্ন জেলা থেকে আমাদের কাছে তথ্য আসছে, মহাসমাবেশে আসতে বাস দিচ্ছে না। এসব সরকারের অগণতান্ত্রিক আচরণ।"
নজরুল সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, "এভাবে জনস্রোতকে রুখতে পারবে না, বরং এতে যারা বাধাদানকারীরাই ক্ষতিগ্রস্ত হবে।"
তিনি জানান, বুধবার দুপুর ২টায় মহাসমাবেশের কার্যক্রম শুরু হবে। এর আগে সকাল ১১টা থেকে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের শিল্পীরা গণসঙ্গীত, দেশাত্মবোধক গান গেয়ে শোনাবে।
মহাসমাবেশের কারণে বুধবার রাজধানীবাসীকে কয়েক ঘণ্টা দুর্ভোগে পড়তে হবে স্বীকার এজন্য আগাম দুঃখ প্রকাশ করেন নজরুল।
নগরীর ব্যস্ততম এলাকায় পল্টনে কোনো বড় জনসভা হলে নগরীতে ব্যাপক যানজট সৃষ্টি হয়। তার দিকে ইঙ্গিত করেই বিএনপির এ দুঃখ প্রকাশ।
নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে নজরুলের সঙ্গে ছিলেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য এজেডএম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, সাবেক মহানগর সাধারণ সম্পাদক আবদুস সালাম, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবউন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু, কেন্দ্রীয় নেতা শামীমুর রহমান, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, এবিএম মোশাররফ হোসেন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৩৩০ ঘ.
bdnews24