চট্টগ্রাম, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশন চাইলে পদত্যাগে আপত্তি নেই বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী।
তিনি বলেন, "আমার পদত্যাগ করা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। পদের প্রতি আমার কোনো লোভ নেই। নির্বাচন কমিশন বললে আমি পদত্যাগ করব। সিটি নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের সব সিদ্ধান্তই আমি মানব।"
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোমবার সন্ধ্যায় নগরীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী মহিউদ্দিন চৌধুরী এসব কথা বলেন।
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হতে হলে মহিউদ্দিন চৌধুরীকে অবশ্যই পদত্যাগ করতে হবে বলে জানিয়ে দেিয়ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন তাকে এব্যপারে চিঠিও দিয়েছে বলে সোমবার সাংবাদিকদের জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শাসুল হুদা।
আগামী বৃহস্পতিবার সকাল ১০ টায় মনোনয়নপত্র জমা দেওয়ারও ঘোষণা দেন মহিউদ্দিন চৌধুরী।
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভা হলেও তা মহিউদ্দিন চৌধুরীর নির্বাচনী সভায় পরিণত হয়। প্রায় সব বক্তাই নির্ধারিত বিষয়ের বাইরে চট্টগ্রাম সিটি নির্বাচন নিয়ে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে মহিউদ্দিন বিরোধী বলে পরিচিত চট্টগ্রাম-৮ আসনের সাংসদ ও নগর কমিটির সহ-সভাপতি নুরুল ইসলাম বিএসসিসহ তার অনুসারী কেউই উপস্থিত ছিলেন না। এছাড়া দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ আখতারুজ্জামান চৌধুরী এবং উত্তর জেলার সভাপতি সাংসদ মোশাররফ হোসেন উপস্থিত থাকার কথা থাকলেও আসেন নি।
ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ১৭ জুন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন (সিসিসি) অনুষ্ঠিত হবে।
সিসিসি নির্বাচনে দলের মনোনয়ন ছাড়াই প্রার্থীতা ঘোষণা প্রসঙ্গে নগর আওয়ামী লীগ সভাপতি মহিউদ্দিন বলেন, "দলের কেন্দ্রীয় সিদ্ধান্তেই আমি নির্বাচন করব। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত নিয়ে হয় নাগরিক কমিটি, অথবা দলীয় ব্যানারে প্রার্থী হব।"
তবে দল কাকে মনোনয়ন দেবে এ প্রসঙ্গে তিনি কিছুই বলেন নি।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দলের প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান খান কায়সার বলেন, এ সভায় নগর কমিটির অনেকেই উপস্থিত নেই। শেখ হাসিনার ইঙ্গিত ছাড়া দলীয় প্রার্থীতা নিয়ে এখনই কিছু বলা যাবে না।
তবে তিনি মনে করেন, সিসিসি নির্বাচনে দল কেন্দ্রীয়ভাবে মহিউদ্দিন চৌধুরীকেই মনোনয়ন দেবে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলের সহ-সভাপতি সুনীল সরকার, সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু, যুগ্ম সম্পাদক ইব্রাহীম চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজনসহ সহযোগী সংগঠনসমূহের নেতারা।
সভায় আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে মহিউদ্দিন চৌধুরীর পক্ষে ৫০১ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করা হয়। সাবেক সাংসদ ইসহাক মিয়াকে কমিটির চেয়ারম্যান ও কাজী ইনামুল হক দানুকে সদস্য সচিব করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/এইচএ/২০৫০ ঘ.
bdnews24