২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না. গঞ্জে আ'লীগের দু'গ্রুপের সংঘর্ষ

দরপত্র জমা দেওয়া নিয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের দু'গ্রুপের সংঘর্ষে অন্তত দুইজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2010, 02:06 PM

Updated : 25 Aug 2022, 10:35 AM

নারায়ণগঞ্জ, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দরপত্র জমা দেওয়া নিয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের দু'গ্রুপের সংঘর্ষে অন্তত দুইজন আহত হয়েছে। সোমবার সকালে সিদ্ধিরগঞ্জে অবস্থিত পিডিবির তাপ বিদ্যুৎ কেন্দ্রে দরপত্র জমা দেওয়ার সময় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- সিদ্ধিরগঞ্জ থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন ও ছাত্রলীগকর্মী সফুর। তাদের খানপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের পুরনো অকেজো মালামাল নিলামে বিক্রির দরপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল সোমবার। সকালে যুবলীগের একটি গ্রুপ অন্যদের দরপত্র জমা দিতে বাধা দিলে ছাত্রলীগের একটি দু'গ্রুপের সঙ্গে তাদের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে দু'পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা-ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ পাহারায় দরপত্র জমা দেওয়ার কাজ সম্পন্ন হয় বলে জানান বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী নূর নবী। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দিয়েছে। ৬টি গ্র"পে ৮৭টি সিডিউল জমা পড়েছে বলেও তিনি জানান। সিদ্ধিরগঞ্জ থানার ওসি এস এম বদরুল আলম বলেন, দরপত্রের সিডিউল জমা দেওয়া নিয়ে আওয়ামী লীগের দুই গ্র"পের মধ্যে মারামারি ও ধাওয়াপাল্টা ধাওয়া হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কয়েকজন ঠিকাদার অভিযোগ করেন কেন্দ্রীয় যুবলীগ সদস্য নজরুল ইসলামের সমর্থকরা সিডিউল জমাদানে বাধা দিলে সংঘর্ষ হয়। এ ব্যাপারে নজরুল ইসলাম বলেন, "সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের একাধিক গ্র"পের মধ্যে দরপত্র দাখিলকে কেন্দ্র করে মারধর ও দরপত্র ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এখানে আমাদের কেউ ছিল না।" সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান জানান, "স্থানীয় সাংসদের নাম ভাঙিয়ে একটি গ্র"প দরপত্র দাখিলে বাধা দেয় এবং আমাদের বেশ কয়েকজন নেতাকর্মীকে মারধর করে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৫২ ঘ.