২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনবিআরের বিরুদ্ধে মামলায় আ'লীগের আপত্তি নেই

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিরুদ্ধে বিএনপি আইনের আশ্রয় নিলে খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যদের দুর্নীতির আরো তথ্য বেরিয়ে আসবে বলে মনে করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2010, 08:44 PM

Updated : 24 Aug 2022, 09:28 PM

ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিরুদ্ধে বিএনপি আইনের আশ্রয় নিলে খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যদের দুর্নীতির আরো তথ্য বেরিয়ে আসবে বলে মনে করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। শুক্রবার বিকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ বলেন, "এনবিআরের বিরুদ্ধে বিএনপি আইনের আশ্রয় নিতে চাইলে আমাদের কোনো আপত্তি নেই। "এতে করে খালেদা জিয়া এবং তার পরিবারের সদস্যদের দুর্নীতির আরো তথ্য বেরিয়ে আসবে। দেশবাসীও চায় সত্য উদঘাটন হোক।" বিরোধীদল আন্দোলনের নামে দেশে 'নৈরাজ্য' সৃষ্টির পাঁয়তারা করছে বলে অভিযোগ করেন হানিফ। বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া বুধবার বরিশালের এক সমাবেশে আন্দোলনের মাধ্যমে সরকার হঠানোর হুমকি দেন। সেইসঙ্গে তিনি আগামী ১৯ মে ঢাকায় অনুষ্ঠেয় সমাবেশ থেকে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন বলেও জানান। বিএনপি চেয়ারপারসনের এই হুমকির জবাবে হানিফ বলেন, "আয়নায় নিজের মুখ দেখে এ ধরনের উক্তি করা উচিত। জাতিকে মিথ্যা তথ্য দিয়ে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করবেন না। "গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত করতে চাইলে, আন্দোলনের নামে নৈরাজ্য ও জনদুর্ভোগ সৃষ্টির পাঁয়তারা করা হলে জনগণ রুখে দাঁড়াবে।" বিরোধী দলের 'তথাকথিত' আন্দোলন মোকাবেলারও ঘোষণা দেন তিনি। বিএনপির বিভাগীয় সমাবেশে খালেদা জিয়ার বক্তব্যের জবাব দিতেই দৃশ্যত এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অভিযোগ করেন যে, বিরোধীদল বর্তমান সরকারের বিরুদ্ধে বাস্তবতা বিবর্জিত, কুরুচিপূর্ণ, বিদ্বেষমূলক অপপ্রচার চালিয়ে যাচ্ছে। ছাত্রলীগ, যুবলীগের কথিত টেন্ডারবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের কথা উল্লেখ করে বরিশালের সমাবেশে খালেদা বলেছিলেন, "এ সরকার তার দলের লোকজনকে নিয়ন্ত্রণ করতে পারছে না। স্বাধীনতার পর তারা দেশে লুটপাট করেছিলো। তখন তাদের নেতাই দুঃখ করে বলেছিলেন- আমি পেয়েছি চোরের খনি। এই চোরদের হাতে দেশের মানুষের নিরাপত্তা নেই।" এর জবাবে হানিফ বলেন, আওয়ামী লীগ সরকারের এক বছর পাঁচ মাসে কোনো মন্ত্রী-এমপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠেনি। কিন্তু চারদলীয় জোট সরকারের শাসনামলে হাওয়া ভবন সৃষ্টি করে খালেদা জিয়া ও তার দুই ছেলে যে দুর্নীতি ও লুটপাট করেছে, স্বাধীনতা পরবর্তী সব সরকারের দুর্নীতি-লুটপাট মিলিয়ে তার সমান হবে না। বরিশালের সমাবেশে যাতে মানুষ না আসতে পারে সেজন্য লঞ্চ ধর্মঘট ডাকা হয়েছে- বিএনপির এই অভিযোগ নাকচ করে দিয়ে তিনি পাল্টা অভিযোগ করে বলেন, গণতান্ত্রিক সরকারকে অস্থিতিশীল করে তুলতেই বিএনপির নৌ-শ্রমিকরা এই ধর্মঘটের ডাক দিয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল, উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাশ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/২২২৭ ঘ.