২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমার মরণ চেয়েছিলো তারা: এরশাদ

অসুস্থতা নিয়ে একটি টেলিভিশনে প্রচারিত খবর ভিত্তিহীন দাবি করে তার সমালোচনা করেছেন এইচএম এরশাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2010, 10:45 AM

Updated : 24 Aug 2022, 09:29 PM

রংপুর, মে ১৪ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম)- অসুস্থতা নিয়ে একটি টেলিভিশনে প্রচারিত খবর ভিত্তিহীন দাবি করে তার সমালোচনা করেছেন এইচএম এরশাদ। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেছেন, রংপুরে তিনি ছাড়া অন্য কারো 'খবরদারি' চলবে না। তার মতের বিরোধীদের দল ছাড়তেও বলেছেন সাবেক এ সামরিক শাসক। এরশাদ দুপুরে রংপুর জেলা জাতীয় পার্টির নতুন আহ্বায়ক কমিটির সভায় বক্তব্য রাখেন। সম্প্রতি অসুস্থ হয়ে অশীতিপর এ নেতা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ওই সময় তার শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন খবর প্রকাশ হয়। সে প্রসঙ্গ ধরে এরশাদ বলেন, "আমি অসুস্থ অবস্থায় হাসপাতালে ছিলাম। একটি টিভি চ্যানেল প্রচার করেছে এরশাদ মারা গেছে, কোমায় চলে গেছে। তারা চেয়েছিলো, আমি মারা যাই। "আমার হার্টে কোনো অসুখ নেই, তারপরও এ ধরনের বিভ্রান্তিমূলক অপপ্রচার চালিয়ে তারা নিজেরাই বিতর্কিত হয়েছে।" তবে টেলিভিশনের নাম বলেননি জাপা চেয়ারম্যান। রংপুর থেকে পুনরায় সংসদ নির্বাচন করার আগ্রহের কথা জানিয়ে তিনি বলেন, "এবার রংপুর সদরের আসনটি ছেড়ে ঢাকার আসনটি রাখা আমার ঠিক হয়নি। আগামী নির্বাচনে রংপুর সদর আসনে আবারো এমপি নির্বাচিত হয়ে মরতে চাই।" রংপুরকে জাতীয় পার্টির দুর্গ আখ্যা দিয়ে এরশাদ বলেন, "এখানে আর কাউকেই খবরদারি করতে দেবো না। ছোট ভাই জিএম কাদেরকে রংপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়কের দায়িত্ব দিয়েছি। তার নেতৃত্বে আগামী নির্বাচনে রংপুরের সব আসনে বিজয়ী হতে চাই।" জাপা চেয়ারম্যান বলেন, "যারা আমার দল করবে আর বিরোধিতা করবে, তাদের দল থেকে চলে যেতে হবে। এরশাদের বিরোধিতাকারীদের দলে রাখা হবে না।" মহাজোট শরিক আওয়ামী লীগকে সতর্ক করে তিনি বলেন, জাতীয় পার্টির সহায়তা ছাড়া আগামীতেও আওয়ামী লীগ ক্ষমতায় যেতে পারবে না। জিএম কাদেরের সভাপতিত্বে জেলা জাতীয় পার্টি কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভায় নতুন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এরশাদের বক্তব্যের সময় সাংবাদিকরাও ছিলেন সেখানে। এরশাদ সভাস্থল ছাড়ার পরপরই বদরগঞ্জ ও পীরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির কর্মীরা হাতাহাতিতে লিপ্ত হয়। পরে নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৪০ ঘ.