২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমাবেশে পরোক্ষ বাধার অভিযোগ বিএনপির

পল্টনের সমাবেশে বিদ্যুৎ সরবরাহ না দিয়ে সরকার পরোক্ষভাবে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2010, 08:48 AM

Updated : 26 Apr 2022, 01:03 AM

ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পল্টনের সমাবেশে বিদ্যুৎ সরবরাহ না দিয়ে সরকার পরোক্ষভাবে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। আগামী ১৯ মে'র ওই জনসভায় খালেদা জিয়া বক্তব্য রাখবেন। সমাবেশ থেকে সরকারবিরোধী আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে বিএনপি চেয়ারপারসন ইতিপূর্বে জানিয়েছেন। সমাবেশে আড়াইশ মাইক এবং বড় পর্দায় বক্তব্য শোনাতে অস্থায়ী ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহের জন্য বিএনপি বিদ্যুৎ কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিলো। তবে বিদ্যুৎ সরবরাহ করতে ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ (ডিপিডিসি) রাজি হচ্ছে না বলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান শুক্রবার জানিয়েছেন। তিনি এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, "আমরা মনে করি এটা মহাসমাবেশের স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত করার অপপ্রয়াস।" বিএনপি বিদ্যুৎ বিভাগের কাছে ১০০ কেভি বিদ্যুৎ এর অস্থায়ী সংযোগ চেয়ে গত ১১ মে একটি আবেদন করে। কিন্তু তারা (ডিপিডিসি) সে আবেদন নাকচ করে বলে, বিদ্যুতের নতুন সংযোগ তিনমাস ধরে বন্ধ। "এটা বিদ্যুৎ বিভাগের খোঁড়া যুক্তি। আমরা এর জন্য বিল পরিশোধ করতেও রাজি", বলেন নজরুল। তিনি জানান, এর আগে বরিশাল, খুলনা, রাজশাহী ও চট্টগ্রামের সমাবেশে এ ধরনের কোনো অনুমতি লাগেনি। নজরুল আরো অভিযোগ করেন, মহাসমাবেশের প্রচার চালাতে মাইকিংয়ের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে আবেদন জানানো হলেও এখন পর্যন্ত সে অনুমতি মেলেনি। নয়া পল্টনে বিএনপির ঢাকা মহানগর কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে নজরুল জানান, পল্টনের সমাবেশে ঢাকা বিভাগের সবগুলো জেলা, উপজেলা ও ঢাকা মহানগরীর সব ওয়ার্ড থেকে নেতা-কর্মী-সমর্থকরা যোগ দেবেন। "এ মহাসমাবেশ থেকে জনগণের আকাক্সক্ষা অনুযায়ী নেত্রী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন", বলেন তিনি। সমাবেশে প্রস্তুতি সম্পর্কে নজরুল বলেন, মহাসমাবেশ সফল করতে সবগুলো জেলায় কর্মীসভা শুরু হয়ে গেছে। ঢাকার প্রতিটি ওয়ার্ডে প্রচারণা সভা হবে শনিবার থেকে। সংবাদ ব্রিফিয়ে উপস্থিত ছিলেন ঢাকার মেয়র ও বিএনপির সহসভাপতি সাদেক হোসেন খোকা, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহানগর কমিটির সাবেক সাধারণ সম্পাদক আবদুস সালাম, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, কেন্দ্রীয় নেতা এমরান সালেহ প্রিন্স, সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করীম শাহিন ও শামীমুর রহমান প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৪৩০ ঘ.