২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোটালীপাড়ায় বোমা পোঁতার সঙ্গে আ.লীগ নেতারা জড়িত: হান্নান

গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থলে বোমা পুঁতে রাখার সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ করেছেন মামলার আসামি হরকাতুল জিহাদ (হুজি) নেতা মুফতি আব্দুল হান্নান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2010, 03:11 PM

Updated : 24 Aug 2022, 09:26 PM

গোপালগঞ্জ, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থলে বোমা পুঁতে রাখার সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ করেছেন মামলার আসামি হরকাতুল জিহাদ (হুজি) নেতা মুফতি আব্দুল হান্নান। আওয়ামী লীগ নেতারা তার এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে মুফতি হান্নান মিথ্যাচার করছেন। বিগত আওয়ামী লীগ সরকারের সময় ২০০০ সালের ২০ জুলাই কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভার স্থান শেখ লুৎফর রহমান কলেজ মাঠ থেকে ৭৬ কেজি ওজনের একটি বোমা উদ্ধার করা হয়। এর একদিন পর ২২ জুলাই হেলিপ্যাড থেকে উদ্ধার করা হয় ৮২ কেজি ওজনের আরেকটি বোমা। ২১ জুলাই নির্ধারিত দিনে জনসভা হয়েছিল। বোমা উদ্ধারের ঘটনায় প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা, বিস্ফোরক দ্রব্য আইন ও রাষ্ট্রদ্রোহ আইনে পৃথক তিনটি মামলা হয়। বৃহস্পতিবার হত্যাচেষ্টা মামলার অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। হাজিরা দেওয়ার পর আদালত প্রাঙ্গণে মামলার আসামি মুফতি হান্নান চিৎকার করে বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, গোপালাগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, দলটির কোটালীপাড়া উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া দাড়িয়া, শেখ লুৎফর রহমান কলেজ ছাত্র সংসদের তখনকার সহসভাপতি ছাত্রলীগ নেতা ইস্রাফিলসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরাই বোমা পুঁতেছিলেন। হান্নান বলেন, "বোমায় ডেটেনেটর ও বিস্ফোরক ছিল না। এটা ছিল সাজানো নাটক । যারা বোমা পুঁতেছে তারা ধরা ছোয়ার বাইরে রয়েছে। কিন্তু আমাকে বলির পাঠা বানানো হয়েছে। আমাকে পরিকল্পিত ভাবে ফাঁসানো হয়েছে।" এদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে বলেও দাবি করেন তিনি। বুধবার মুফতি হান্নানকে ঢাকা থেকে গোপালগঞ্জ কারাগারে আনা হয়। বৃহস্পতিবার সকালে পুলিশ ও র‌্যাবের পাহারায় মুফতি হান্নানসহ ১১ আসামিকে গোপালগঞ্জের স্পেশাল ট্রাইব্যুনাল জজ মোরশেদ আলমের আদালতে হাজির করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে বাকি তিন আসামিকে হাজির না করায় অভিযোগ গঠন হয়নি। আদালত আগামী ১ জুলাই অভিযোগ গঠনের পরবর্তী দিন ধার্য করেছে। সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মো. আব্দুল হালিম বলেন, ২০০০ সালের নভেম্বরে মুফতি হান্নানসহ ১৩ জনকে আসামি করে মামলার অভিযোগপত্র দেওয়া হয়। গত তত্ত্ববধায়ক সরকার আমলে মুফতি হান্নাকে গ্রেপ্তার করা হয়। তিনি এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন। তার স্বীকারোক্তির পরিপ্রেক্ষিতে ২০০৮ সালে আরো নয়জনকে আসামি করে একটি সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়। ২২ আসামির মধ্যে এ পর্যন্ত ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে আওয়ামী লীগ নেতারা গোপালগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে মুফতি হান্নানের বক্তব্যের প্রতিবাদ জানান। আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, "আমি রাষ্ট্রপক্ষের আইনজীবির সহযোগী হিসেবে হান্নানের বিরুদ্ধে অস্ত্র মামলা পরিচালনা করি। এ মামলায় তার যাবজ্জীবন সাজা হয়। "আমাকে ও দলের নেতাকর্মীদের হেয় করে মামলাকে ভিন্ন থাতে প্রবাহিত করতে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে মুফতি হান্নান মিথ্যাচার করেছেন। আমরা এ ঘটনায় জড়িত নই।" সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধূরী এমদাদুল হক, সহ সভাপতি ইদ্রিস আলী মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, আহম্মেদ নওশের আলী উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/২১০০ ঘ.